গাছে ঢুকল বাস, নিহত ৬

বাগেরহাটের ফকিরহাটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালকসহ ছয়জন নিহত হয়েছেন। গতকাল শনিবার উপজেলার কাকডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত ২০ জনের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। বেপরোয়া গতিতে বাস চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের। নিহতরা হলেন বাসচালক রূপসা উপজেলার নৈহাটি গ্রামের আবু বক্করের ছেলে ফরহাদ (২৫), বাসের হেলপার একই উপজেলার পাঁচানি গ্রামের আবদুস সামাদের ছেলে সুমন (২৩), বাসযাত্রী বাগেরহাট সদর উপজেলার কোদলা গ্রামের হেকমত আলী বিশ্বাস (৪৫), আড়পাড়া গ্রামের ইসারাত মল্লিকের ছেলে লিটু মল্লিক (৩০), ফকিরহাট উপজেলার বৈলতলী গ্রামের সেলিম শেখের স্ত্রী হোসনে আরা (৩০) ও সড়কের পাশে কর্মরত নির্মাণশ্রমিক কয়রা উপজেলার অর্জুনপুর গ্রামের কদ্দুস সরদার (৫০)।

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সরদার মাসুদ জানান, খুলনা থেকে মোল্লাহাটের উদ্দেশে ছেড়ে আসা বাসটি দুর্ঘটনাকবলিত স্থানে পৌঁছলে সামনের চাকা ফেটে যায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে           

পাঁচজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তারিফ উদ্দীন বলেন, আহতদের হাসপাতালে নিয়ে আসার পর একজনের মৃত্যু হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

গতকাল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরও চারজন নিহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে রাজধানীর এলিফ্যান্ট রোড বাটা সিগন্যাল মোড়ে দুই প্রাইভেটকারের সংঘর্ষে এক নারী নিহত হন। এদিন সকালে রাঙ্গামাটির কাপ্তাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় এক এইচএসসি ফলপ্রত্যাশী মারা যান। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক নির্মাণশ্রমিক নিহত হন। বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফতেহপুরে এ দুর্ঘটনা ঘটে। এদিন পটুয়াখালীর কলাপাড়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে ছয়জন আহত হন। এ ছাড়া গত শুক্রবার খুলনার নগরীর আড়ংঘাটার বরইতলাঘাট এলাকায় প্রাইভেটকার-মোটরসাইকেলের সংঘর্ষে আহত এক মাদ্রাসাছাত্র ওইদিন রাতে মারা গেছে। বিস্তারিত নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরÑ

নিউমার্কেট থানার এসআই কাজি নাকিব শাকিল জানান, বাটা সিগন্যাল মোড়ে দুটি প্রাইভেটকারের সংঘর্ষে ফুলবিবি (৫৫) নামে এক নারী নিহত হন। গতকাল সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতরা হলেন ফুলবিবির স্বামী আবুল কালাম (৬৬), ছেলে হাসান (৩৫), ছেলের বউ লাইজু বেগম (৩০), নাতনি ফাল্গুনী (৫), আরেক ছেলে আনোয়ার হোসেন রমিজ (৪৫), অন্য ছেলের বউ কাজল রেখা (৩০) ও প্রাইভেটকার চালক মনির হোসেন (৩৪)। কালাম ও মনিরের অবস্থা গুরুতর। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। যে প্রাইভেটকারটি ধাক্কা দিয়েছিল তার চালককে আটক করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

আহত ও তাদের স্বজনরা জানান, ১০ দিন আগে ধানম-ির একটি বেসরকারি হাসপাতালে আবুল কালামের খাদ্যনালিতে অস্ত্রোপচারের পর তাকে গ্রামের বাড়ি পটুয়াখালীর দশমিনা নিয়ে যাওয়া হয়। গতকাল তার কেমোথেরাপি ও পেটে লাগানো নল খুলে ফেলার জন্য তারা ঢাকায় আসেন। ভোরে সদরঘাট লঞ্চঘাট থেকে উবারের একটি প্রাইভেটকারে করে ওই হাসপাতালে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

রাঙ্গামাটির কাপ্তাই থানার ওসি (তদন্ত) নুরুল আলম জানান, গতকাল সকাল ১০টার দিকে কাপ্তাই বাসস্ট্যান্ড এলাকায় এক পথচারীকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় জয়ন্ত তঞ্চঙ্গ্যা (২০) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। রাঙ্গামাটি সদর উপজেলার মিতিঙ্গাছড়ি বইল্যা গ্রামের অর্জুন তঞ্চঙ্গ্যার ছেলে জয়ন্ত কাপ্তাইয়ের কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেন।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার ওসি সালাউদ্দিন চৌধুরী জানান, গতকাল বেলা ১১টার দিকে উপজেলার ফতেহপুরে নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সুন্দর আলী (৫৫) নামে এক নির্মাণশ্রমিক নিহত হন। তিনি উপজেলার তেজখালী গ্রামের ফুরা মিয়ার ছেলে। এদিকে পটুয়াখালীর কলাপাড়ায় দুটি যাত্রীবাহী মোটরসাইকেলের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। গতকাল শনিবার সকালে এ দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া গত শুক্রবার দুপুরে খুলনা নগরীর আড়ংঘাটার তেলিগাতী বাইপাসের বরইতলাঘাট এলাকায় প্রাইভেটকার এবং মোটরসাইকেলের সংঘর্ষে আহত মাদ্রাসাছাত্র মাহিন আলম (১০) মারা গেছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে সে মারা যায়। ওই দুর্ঘটনায় তার চাচা ও ভাইও মারা যান। মাহিন খুলনা রেল পুলিশের এএসআই খুরশিদ আলমের ছেলে।