সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। গত বৃহস্পতিবার পরীক্ষার সংশোধিত তারিখ এবং কোন ধাপে কোন কোন জেলার পরীক্ষা হবে তা প্রকাশ করা হয়।
তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি বাদে ৬১ জেলার ২৪ লাখ ১ হাজার ৯১৯ জন প্রার্থী প্রায় ১২ হাজার পদের বিপরীতে চার ধাপে এই পরীক্ষায় অংশ নেবেন।
ডিপিই কর্মকর্তারা জানান, রাজস্ব খাতভুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০১৮ লিখিত পরীক্ষা আগের সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে ২৪ মে, দ্বিতীয় ধাপে ৩১ মে, তৃতীয় ধাপে ১৪ জুন এবং শেষ ধাপে ২১ জুন সকাল ১০টায় হওয়ার কথা ছিল।
ডিপিইর সিনিয়র সহকারী সচিব মো. আতিক এস বি সাত্তার স্বাক্ষরিত নতুন সূচি অনুযায়ী, প্রথম ধাপে ২৪ মে ও দ্বিতীয় ধাপের পরীক্ষা ৩১ মে নেওয়া হবে। তবে তৃতীয় ধাপের পরীক্ষা ২১ জুন ও চতুর্থ ধাপের পরীক্ষা হবে ২৮ জুন। এর আগেও বিভিন্ন কারণে লিখিত পরীক্ষার সূচি পেছানো হয়। সরকারি প্রাথমিকে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগপ্রত্যাশীরা গত বছরের ১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করেন।