সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টাকালে কক্সবাজারে ৮৪ রোহিঙ্গাকে উদ্ধার করেছে কোস্টগার্ড। শুক্রবার রাতে পেকুয়া উপজেলার উজানটিয়া জেটিঘাট ও টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ বিচ এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এ ঘটনায় ৫ পাচারকারীকে আটক করা হয়েছে।
পেকুয়া থানার ওসি জাকির হোসেন জানিয়েছেন, শুক্রবার রাত দেড়টার দিকে উজানটিয়া জেটিঘাট থেকে ৬৭ রোহিঙ্গাকে উদ্ধার করে পুলিশ। দালাল চক্র এসব রোহিঙ্গাকে মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে জড়ো করেছিল। এর মধ্যে ২১ জন পুরুষ, ৩১ জন নারী ও ১৫ জন শিশু। ওসি জানান, দালালের সহায়তায় কিছু রোহিঙ্গা ট্রলারযোগে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নেওয়ার খবর পেয়ে এ অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দালালরা নৌকা নিয়ে সাগরের
দিকে পালিয়ে যায়। আটক রোহিঙ্গারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা উখিয়ার কুতুপালং ক্যাম্প থেকে পালিয়ে মালয়েশিয়া যাওয়ার জন্য এসেছে। উদ্ধার রোহিঙ্গাদের পেকুয়া থানায় রাখা হয়েছে।
এদিকে কোস্টগার্ড গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক লে. কমান্ডার এম হামিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাতে টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ বিচ এলাকায় অভিযান চালিয়ে ১৭ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও ৭ জন নারী। এ ঘটনায় ৫ পাচারকারীকে আটক করে কোস্টগার্ড। তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া উদ্ধার ১৭ জনকে নিজ রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়।