জমিজমা-সংক্রান্ত বিরোধে সাতক্ষীরার কলারোয়ায় সাবেক ছাত্রলীগ নেতা ও ব্যবসায়ী জি এম তুষারের হাতের চার আঙুল কেটে নেওয়ার ঘটনায় মামলার প্রধান আসামি রেজাউল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলা হাসপাতাল রোডের মার্কেটের পেছন থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান কলারোয়া থানার ওসি মো. মনিরুজ্জামান।
তিনি বলেন, ‘গতকাল সকাল ১০টার দিকে মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়।’ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার বলেন, ‘নৃশংস এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
গত শনিবার দুপুরের এ ঘটনার পর রাতেই তুষারের চাচা আবু সিদ্দিক বাদী হয়ে উপজেলার দিগং গ্রামের রেজাউল ইসলাম (৪৫), লোহাকুড়া গ্রামের সেলিম হোসেনের ছেলে বাবু (২৭), হামিদপুরের পরানপুর গ্রামের মোশারফ শেখের ছেলে উপজেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক শেখ মেহেদী হাসান নাইস (২৮), দিগং গ্রামের আলাল ঢালীর ছেলে মন্টু ঢালী (৩২), আলাইপুর গ্রামের আবুল ফজর মেম্বরের ছেলে কমিটির সভাপতি শেখ সাগর হোসেন (২২), একই গ্রামের পলাশ (২৭) ও রিজুকে (২৮) আসামি করে মামলা করেন। এর আগে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। এ সময় তিনজনকে সাময়িক বহিষ্কার করা হয়।