ঠাকুরগাঁওয়ে সাংবাদিককে হত্যার হুমকি

ঠাকুরগাঁওয়ে কর্মরত দৈনিক জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা এসএম জসিম উদ্দিনকে গলা কেটে হত্যার পর লাশ টুকরো টুকরো করার প্রকাশ্য হুমকি দিয়েছেন দুই ব্যবসায়ী। এ ব্যাপারে জীবনের নিরাপত্তা চেয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই সংবাদকর্মী।

জিডি সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে জসিম শহরের কেন্দ্রীয় জামে মসজিদে তারাবির নামাজ শেষে রাত ১১টার দিকে বাসায় ফিরছিলেন। পথে তিনি চৌরাস্তা এলাকায় ‘নিউ রজনীগন্ধা’ নামে দোকানের সামনে দাঁড়ান। এ সময় দোকানের ব্যবসায়ী ঘোষপাড়ার বাসিন্দা আবদুল মান্নান মোল্লা ও তার ছোট ভাই সুমন মোল্লা হামলার উদ্দেশ্যে জসিমের দিকে তেড়ে আসেন এবং তাকে গালিগালাজ করেন। তারা জসিমকে গলা কেটে হত্যার পর লাশ টুকরো টুকরো করে ফেলার হুমকি দেন। আশপাশের লোকজন গিয়ে জসিমকে উদ্ধার করেন। ব্যবসায়ী আবদুল মান্নান হত্যার হুমকি দেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, দীর্ঘদিন ধরে ওই দোকান নিয়ে তার সঙ্গে মামলা চলছে। কিন্তু জসিমকে কোনো ধরনের হুমকি দেওয়া হয়নি। এ ব্যাপারে সদর থানার ওসি চিত্তরঞ্জন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।