চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাংকক থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৪কোটি টাকা মূল্যের স্বর্ণ আটক করেছে কাস্টমস।
রোববার বিকেল ৫টায় এ স্বর্ণ আটক করা হয়। ওই যাত্রীকে পতেঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।
স্বর্ণসহ আটক যাত্রীর নাম মো. শাহজাহান। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। রিজেন্ট এয়ারের একটি ফ্লাইটে (আরএক্স-৭৮৭) তিনি বিকেল ৪টা ৪০ মিনিটে ব্যাংকক থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন।
চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার নুর উদ্দিন মিলন দেশ রূপান্তরকে জানান, বিমান বন্দরে নামার পর ইমিগ্রেশন কর্মকর্তারা শাহজাহানের শরীর তল্লাশিকালে তার ব্লেজারের ভেতর থেকে ৯৬পিস স্বর্ণের বার পাওয়া যায়। মোট ১১কেজি ২৫০ গ্রামের এ স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় চার কোটি টাকা বলে জানান তিনি।