গত ২১ জানুয়ারি ভোরে রাজধানীর বাড়িধারায় যমুনা ব্যাংকের এটিএম বুথের প্রহরী শামীম (২৪) খুনের রহস্য উন্মোচনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল পিবিআই ঢাকা মেট্রো দক্ষিণের পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শামীম হত্যা মামলাটি পিবিআইয়ের তফসিলভুক্ত হওয়ায় গত ৩ এপ্রিল তদন্তের জন্য পিবিআই ঢাকা মেট্রো দক্ষিণের এসআই পুলক সরকারকে দায়িত্ব দেওয়া হয়। তদন্তের সময় পুলক উন্নত প্রযুক্তির ব্যবহার, বিশ্বস্ত সোর্স নিয়োগ ও ঘটনাস্থলের এটিএম বুথের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আসামি মো. কফিলকে (২০) গত ১৫ মে কুড়িগ্রাম
জেলার ফুলবাড়ি থানার পূর্বধনিরাম গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম হত্যার দায় স্বীকার করে সে। হত্যায় ব্যবহৃত আলামত গ্রামের বাড়ি ও ভাটারা থানার নয়ানগর মুন্সীবাড়ি কফিলের মেস থেকে জব্দ করা হয়েছে। গত ১৭ মে কফিলকে আদালতে সোপর্দ করা হলে সে আদালতেও ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।
তদন্ত কর্মকর্তা পুলক দেশ রূপান্তরকে বলেন, ‘বিয়ে ভেঙে দেওয়া, ব্যক্তিগত কথা জোন কমান্ডার শাহীনকে জানানো এবং ধার নেওয়া টাকা ফেরত না দেওয়ায় শামীমের ওপর ক্ষুব্ধ হয়ে হত্যার পরিকল্পনা করে কফিল। ঘটনার দুই-তিন দিন আগে কফিল শামীমকে হত্যার জন্য হাতুড়ি, সাদা প্যান্ট, সোয়েটার (জ্যাকেট) এবং মুখোশ কেনে।’ তিনি আরও বলেন, ‘কফিল ও শামীম প্রতিবেশী। এলিট ফোর্সে চাকরি দেওয়ার কথা বলে গত বছর কফিলকে ঢাকা নিয়ে আসেন শামীম। ঢাকা এসে বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে শামীমের বাসায় ওঠেন কফিল। পরে শামীম তাকে এলিট ফোর্সে চাকরি দেন। চাকরির পর কফিল শামীমের মেসে ওঠে। সেখানে কিছুদিন থাকার পর সাবিনা নামে এক নারীর সঙ্গে কফিলের পরিচয় হয়। পরে সাবিনা কফিলকে তার ছোট বোন শাহানাকে বিয়ে করার প্রস্তাব দেন। কফিল তাতে রাজিও হন। সে সময় শামীম সাবিনা ও তার স্বামীকে জানান কফিলের অর্থনৈতিক অবস্থা খারাপ ও স্বভাব-চরিত্র ভালো না। এতে বিয়ে ভেঙে যায় এবং এতে ভীষণ ক্ষুব্ধ হয় কফিল।’ পুলক বলেন, ‘এছাড়াও কফিল শামীমকে দুই হাজার টাকা ধার দিয়েছিল। তা পরিশোধ না করে ঘোরাতে থাকে। তাছাড়া প্রেমের কথা জোন কমান্ডারকে জানিয়ে দেন। পরে তিনি কফিলকে বকাঝকা করেন। এসব ক্ষোভ থেকেই শামীমকে পরিকল্পিতভাবে খুন করে কফিল।’ হত্যাকাণ্ডের দিনই শামীমের বাবা বাদী হয়ে ভাটারা থানায় হত্যা মামলা করেন বলেও জানান তিনি।