বজ্রপাতে মা-ছেলে ও রোহিঙ্গাসহ নিহত ৬

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বজ্রপাতে মা-ছেলে নিহত হয়েছেন। গতকাল রবিবার ভোররাতে উপজেলার বর্ণাল মাস্টার গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন আবদুল খালেকের স্ত্রী আয়শা বিবি (৫০) ও তার ছেলে মো. মমিন (২০)। এদিন বিকেলে খুলনায় বজ্রপাতে এক বর্গাচাষি নিহত হন। এছাড়া কক্সবাজারের রামুতে ভাইবোন ও উখিয়ায় এক রোহিঙ্গা নিহতের খবর পাওয়া গেছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবর :

স্থানীয়দের বরাত দিয়ে মাটিরাঙ্গা

থানার ওসি শামসুদ্দিন জানান, ভোরে পরিবারের সদস্যরা সাহরি খাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে আয়শা ও মমিন ঘটনাস্থলে মারা যান। আর আহত হন আয়শার মেয়ে আলেয়া বেগম (৩০) ও তার ছেলে আরাফাত। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ওসি আরও জানান, একই সময়ে উপজেলার হেদাছড়া এলাকায় বজ্রপাতে রাজিয়া খাতুন (৫৫) নামে এক নারী আহত হন।

কক্সবাজারের রামু থানার ওসি আবুল মনছুর জানান, গতকাল দুপুর ২টার দিকে বাড়িতে খেলার সময় বজ্রপাতে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কালারপাড়া এলাকার মৌলভি নুরুল ইসলামের মেয়ে ফাতেমা খাতুন (১৫) ও ছেলে আফনান (২) নিহত হয়। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৫ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মাহমুদ মোর্শেদ জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বজ্রপাতে ওই ক্যাম্পের বাসিন্দা আবদুস শুক্কুর (৫২) মারা যান। তিনি সাব-ব্লক জি-৮ এর ব্লক-সি’র আবদুল করিমের ছেলে।

গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে খুলনার ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের বাগদাড়ী গ্রামে বজ্রপাতে ইসানুর খাঁ (৩৫) নামে এক বর্গাচাষির মৃত্যু হয়। বৃষ্টির মধ্যে বাড়ির পাশে খড়ের গাদায় কাজ করছিলেন তিনি। ইসানুর ওই গ্রামের ইউনুস খাঁর ছেলে।