বেঙ্গালুরুতে কংগ্রেস নেতার বাড়ির সামনে বিস্ফোরণ নিহত ১

ভারতের লোকসভার নির্বাচনের সপ্তম ও শেষ ধাপের ভোটগ্রহণের দিন দক্ষিণাঞ্চলীয় বেঙ্গালুরু শহরে স্থানীয় এক কংগ্রেস নেতার বাড়ির সামনে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি।

গতকাল রবিবার সকাল সোয়া ৯টার দিকে বেঙ্গালুরুর রাজারাজেশ্বরী নগর এলাকায় কংগ্রেস দলীয় এমএলএ মুনিরতœার বাড়ির কাছে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। বিস্ফোরণের কারণ তদন্ত করে দেখা  হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এক তদন্ত কর্মকর্তা।

কংগ্রেস নেতা মুনিরতর বাড়ির কাছে বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই তিনি পুলিশকে খবর দেন বলে এনডিটিভিকে জানান ভিয়ালিকাভাল নামে এক ব্যক্তি। তিনি বলেন, ‘আমি শব্দ শুনে সঙ্গে সঙ্গেই পুলিশকে ফোন করি। আমাদের তাৎক্ষণিকভাবে খবর দিতে হবে, এটি আমাদের নাগরিক দায়িত্ব।’

বেঙ্গালুরুর পুলিশপ্রধান টি সুনীল কুমার জানিয়েছেন, বিস্ফোরকের নমুনা সংগ্রহ করে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। ভেঙ্কটেশ নামে শনাক্ত হওয়া এক ব্যক্তি মারা গেছেন। বিস্ফোরক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে আছেন। ভেঙ্কটেশ পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বিস্ফোরণটি ঘটে।

বিস্ফোরণে আশপাশের বাড়িগুলোর জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। নিহত ভেঙ্কটেশ পেশায় ধোপা এবং তিনি এই রাজারাজেশ্বরী নগর এলাকারই বাসিন্দা। লোকসভার নির্বাচনের শেষ ধাপে বেঙ্গালুরুতে কোনো ভোট ছিল না। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোর লোকসভার সব আসনের ভোট ইতোমধ্যেই গ্রহণ করা হয়ে গেছে।