দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। গতকাল রবিবার ও আগের দিন রাতে এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে গতকাল সকালে রাজধানীর পল্লবীতে প্রাইভেটকারের ধাক্কায় এক যুবক নিহত হন। দুপুরে ডেমরায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মারা যান অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষক। রাতে রাজধানীর লালমাটিয়া এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক দুর্ঘটনায় নিহত হন নারীসহ দুজন। এদিন মানিকগঞ্জে অজ্ঞাত এক ব্যক্তি নিহতের খবর পাওয়া গেছে। চট্টগ্রাম নগরীর ফৌজদারহাট বাইপাস মোড়ে কাভার্ডভ্যান ও পিকআপের সংঘর্ষে নিহত হন এক যুবক। আগের দিন রাতে সাভারে বাসচাপায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়। বিস্তারিত নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :
পল্লবী থানার এসআই সোহেল সিকদার জানান, সাগুপ্তা রোড জুটপট্টিতে প্রাইভেটকারের ধাক্কায় মো. আমিন (৩০) নিহত হন। তিনি পল্লবী থানা পুলিশের গাড়ি চালাতেন। পরিবার নিয়ে মিরপুর-১১-এর বাউনিয়াবাদ, বি ব্লকের, ৮ নম্বর লেনের ২৩ নম্বর বাসায় থাকতেন। আমিন সকালে বাসা থেকে গাড়ি চালাতেই বের হয়েছিলেন বলে জানান তার ভাই মো. বাবু।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ডেমরার তামিরুল মিল্লাত মাদ্রাসার সামনের রাস্তা পার হওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় হামিদ মাস্টার (৬৫) নামে এক ব্যক্তি নিহত হন। তিনি অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক ছিলেন। গতকাল দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সোনারগাঁ থানা পুলিশ জানায়, গতকাল উপজেলার মেঘনা শিল্পাঞ্চল ও জামপুর ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। পুলিশ জানায়, উপজেলার জামপুর ইউনিয়নের মীরেরটেক আরএম স্পিনিং মিলের শ্রমিক তানিয়া আক্তার (২৪) সকালে মিলে প্রবেশের পথে মদনপুর টু গাজীপুর হাইওয়ে পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ি তাকে চাপায় দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। তানিয়া বারদী ইউনিয়নের লক্ষ্মীবরদী গ্রামের ইসমাইল মিয়ার মেয়ে। অন্যদিক মেঘনা শিল্পাঞ্চলের মেঘনা মাগুরা পাল্প অ্যান্ড পেপার মিলের ভেতর মাল আনা-নেওয়ার সময় মালবোঝাই গাড়ির ধাক্কায় ওই মিলের শ্রমিক অহিদুল ইসলাম (৪০) নিহত হন। সকালে এ দুর্ঘটনা ঘটে। অহিদুল গাজীপুরের শ্রীপুর থানার বাসিন্দা।
সাভার হাইওয়ে থানার ওসি জাহিদুল ইসলাম জানান, গত শনিবার রাত ১০টার দিকে দ্রুতগতির একটি বাস ডেইরি গেট এলাকায় অজ্ঞাত এক বৃদ্ধকে (৬০) চাপা দেয়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশটি আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই বৃদ্ধ ভিক্ষুক কিংবা পাগল ছিলেন। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা হয়েছে।
মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান জানান, গতকাল সকালে মানিকগঞ্জ সদর উপজেলার আকিজ টোব্যাকো গেটের সামনে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি (৪৫) নিহত হন। ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, গতকাল নগরীর ফৌজদারহাট বাইপাস মোড়ে কাভার্ডভ্যান ও পিকআপের সংঘর্ষে মো. ইয়াছিন (৩৫) নামে এক যুবক নিহত হন। তিনি ফেনী সদর থানার বাতানিয়া এলাকার কামাল হোসেনের ছেলে।