দূরের ভালোবাসা টিকিয়ে রাখার উপায়

চোখের আড়াল হলেই মনের আড়াল। সেই আড়াল এক সময় সম্পর্কটাই শেষ করে দেয়। অথচ প্রতিদিন ঠিকমতো বার্তা আদান-প্রদান করলে, নিয়ম করে কথা বললে দূরের সম্পর্ককেও কাছের বলে মনে হয়। ভারতের নারী বিষয়ক পত্রিকা ফেমিনা কিছু নিয়মের কথা বলছে, যেগুলো অনুসরণ করলে দূরের ভালোবাসাকে টিকিয়ে রাখা সহজ হবে।

১. দুপক্ষের যোগাযোগ রাখাটা হচ্ছে এই ধরনের সম্পর্ক টিকিয়ে রাখার প্রথম শর্ত। দুজনকেই অনুধাবন করতে হবে, দূরে থাকা সঙ্গী তার মেসেজ পড়ছেন, প্রশংসা করছেন। এটার মানে এই না যে, সব সময় ফোনের কাছে পড়ে থাকতে হবে। কে কাকে কয়টা মেসেজ দিচ্ছে, সেট হিসাব করতে হবে। এসব না করে তাকে বোঝান, আপনি তার মেসেজ পড়তে ভালোবাসেন, লেখা ছোট হলেও আপনি আনন্দ পান।

২. কখনো তাৎক্ষণিক তৃপ্তি আশা করবে না। চোখের পলকে আপনি উত্তর পাবেন, সেটা হতে পারে না। একজন মানুষ সাধারণত ৫ মিনিট পর পর ফোন চেক করেন। তাই বিচলিত না হয়ে নিজের কাজ করতে থাকুন। রিপ্লাই আসলে তবেই শিহরণে ভাসুন।

৩. ক্রিয়েটিভ হওয়ার চেষ্টা করুন। ‘আমি তোমাকে ভালোবাসি’ এই তথাকথিত বাক্য ব্যবহার না করে, ব্যতিক্রম কিছু লেখার চেষ্টা করুন। আপনি মন থেকে সত্যি কী অনুভব করেন, সেটা লিখে পাঠান। তার সঙ্গে দেখা হলে কী কী করবেন, সেগুলো জানান।

৪. আলতো করে বিরক্ত করুন। সঙ্গীর বিরক্তি সবাই উপভোগ করে। সীমা বুঝে একটু অন্তরঙ্গ হোন। লিখতে থাকুন নিজেদের একান্ত কথা।

৫. একদম ঝগড়া করবেন না। সামনা-সামনি মানুষ হালকা তর্ক করতে পছন্দ করলেও ইনবক্সে কেউ সেটা চায় না। এটা এমন একটা জগৎ, যেখানে সবাই আনন্দ খুঁজতে চায়। আর অনেক সময় চ্যাটিংয়ে এমনিতে ভুল বোঝাবুঝি শুরু হয়। এমন পরিস্থিতিতে পড়লে সরাসরি ফোন দিয়ে কথা বলুন।