রংপুরের বদরগঞ্জে বৃদ্ধা মাকে সংসারের বোঝা ভেবে বিষ খাইয়ে হত্যার চেষ্টা করেছে পাষণ্ড দুই ছেলে। মুমূর্ষু অবস্থায় বৃদ্ধাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় উপজেলার কালুপাড়া ইউনিয়নের জামুবাড়ী উন্তাপাাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে অবস্থা বেগতিক দেখে দুই পাষণ্ড এলাকা ছেড়ে পালিয়ে যায়।
সরেজমিন গ্রামবাসীর সাথে কথা বলে জানা যায়, জামুবাড়ী উন্তাপাড়া গ্রামের আব্দুল হামিদের শারীরিক অবস্থা অচল হওয়ায় তার স্ত্রী মফিজন বেগম কাল্টি (৫০) ৫ ছেলে ও ৩ মেয়ের উপর নির্ভর করে জীবনের শেষ দিনগুলো গুনছিলেন।
কিন্তু তার ছেলে মোহাম্মদ শিকদার ও মোজাহিদুল ইসলাম বৃদ্ধ মাকে সংসারের বোঝা ভেবে দীর্ঘদিন ধরে তার ওপর নির্যাতন চালিয়ে আসছেন।
এক পর্যায়ে গত রবিবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনা নিয়ে বৃদ্ধের দুই ছেলে মায়ের উপর ক্ষুব্ধ হয়ে প্রথমে গলাটিপে হত্যার চেষ্টা করে। কিন্তু তাতে সফল না হওয়ায় বৃদ্ধ মার মুখে বিষ ঢেলে দিয়ে তাকে দ্বিতীয়বারের মত হত্যার চেষ্টা করে।
এ সময় বৃদ্ধের বড় ছেলে বাবু মিয়া ও তার স্ত্রী শাহানাজ বেগম খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে মুমূর্ষু অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কিন্তু সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
অন্যদিকে বৃদ্ধ মাকে হত্যার চেষ্টা করার খবর গ্রামে ছড়িয়ে পড়লে গ্রামবাসীর রোষানলে পড়ার ভয়ে অভিযুক্ত দুই ছেলে এলাকা ছেড়ে পালিয়ে গেছে বলে বিষয়টি নিশ্চিত করা গেছে।