চুয়াডাঙ্গা শহরের শান্তিপাড়া এলাকার নির্মাণাধীন একটি চারতলা ভবন থেকে হত্যা, চাঁদাবাজি ও ডাকাতিসহ বিভিন্ন মামলার ১৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাত ১১টার দিকে দুই ঘণ্টা অভিযান শেষে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলো শহরের পৌর এলাকার শান্তিপাড়ার আকাশ (২৪), রামিম (১৯), গোলাম মোস্তফা মদন (৪৫), গোলাম রসুল টিটু (৪২), জহির উদ্দীন বাদল (৪০), বাহাউদ্দীন (২০), ইভন (২২), কাজল (১৯), পিয়াস (২০), আশরাফ (২২), পার্শ্ববর্তী মুসলিমপাড়ার আলামিন (২৩), গুলশানপাড়ার কালু শেখ (৩৫) ও পলাশপাড়ার লিটন (২৭)।
সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান জানান, শান্তিপাড়া এলাকার নির্মাণাধীন চারতলা একটি ভবনে ১০ থেকে ১৫ জন দুর্বৃত্ত গোপনে অবস্থান করছে এমন খবর পায় পুলিশ। এরপর অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহর নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ অভিযান চালিয়ে চারতলা ভবনের বিভিন্ন কক্ষ ও টয়লেট থেকে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আকাশ কেদারগঞ্জ এলাকার ব্যবসায়ী গোলাম হত্যা মামলার এক নম্বর আসামি।