সংসদে বিএনপির নারী প্রতিনিধি রুমিন ফারহানা

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের সহ-আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। গতকাল সোমবার নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেমের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন জমা দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রুমিন ফারহানা সাংবাদিকদের বলেন, ‘দেশনেত্রী  খালেদা জিয়া মিথ্যা মামলায় আজ কারাগারে। আমি সংসদে গিয়ে দেশনেত্রীর মুক্তির জন্য কথা বলব, সাধারণ মানুষের কথা বলব। দল আমার ওপর যে আস্থা রেখেছে, বিশেষ করে ম্যাডামের মুক্তি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা, জনগণ ও দলের পক্ষে কথা বলা এটি যেন এমপি হয়ে করতে পারি, সেজন্য সবার কাছে দোয়া চাই।’

এর আগে গত রবিবার রাতে রুমিন ফারহানার মনোনয়নের বিষয়টি চূড়ান্ত হয়। সবকিছু ঠিক থাকলে একটি আসনে একক প্রার্থী থাকায় প্রার্থিতা প্রত্যাহারের দিনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন রুমিন।

একাদশ সংসদ নির্বাচনের ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ৪৯টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের ৪৩ জন, জাতীয় পার্টির চারজন, ওয়ার্কার্স পার্টির একজন এবং স্বতন্ত্র একজন রয়েছেন।