বিচারাধীন বিষয়ে সংবাদ প্রকাশ করা যাবে না সুপ্রিম কোর্ট প্রশাসনের এমন নির্দেশনার বিষয়ে সর্বোচ্চ আদালত থেকে দ্রুত ব্যাখ্যা আসবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল সোমবার দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ওই নির্দেশনার বিষয়ে প্রধান বিচারপতির সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না এ প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আমি এ বিষয়ে কথা বলেছি। আলাপচারিতা চলছে। কিছুটা যদি ভুল-বোঝাবুঝি হয়ে থাকে, সে ব্যাপারটা তাদের (আপিল বিভাগের বিচারপতিদের) বিবেচনায় আছে। আমার মনে হয় আপনারা অতি দ্রুত এ বিষয়ে একটি ব্যাখ্যা পাবেন।’
গত ১৬ মে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, ‘ইদানীং কোনো কোনো ইলেকট্রনিক মিডিয়া তাদের চ্যানেলে এবং কোনো কোনো প্রিন্ট মিডিয়া তাদের পত্রিকায় বিচারাধীন মামলা সংক্রান্ত বিষয়ে সংবাদ পরিবেশন/স্ক্রল করছে, যা একেবারেই অনভিপ্রেত। এমতাবস্থায়, বিচারাধীন কোনো বিষয়ে সংবাদ পরিবেশন/স্ক্রল করা হতে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
কোনো বিচারপতির বিরুদ্ধে অভিযোগ উঠলে সে বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হবেÑ এ প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘কোনো সমস্যা যদি হয় তাহলে রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ পদের অধিকারী। তার কাছে নিশ্চয় কোনো-না-কোনো নালিশ পাঠানো যেতে পারে এবং তার যথেষ্ট ক্ষমতা আছে। তিনি সংবিধানের মধ্য থেকে বিবেচনা করতে পারেন। ষোড়শ সংশোধনীর বিষয়ে যে শূন্যতা সে শূন্যতার কারণে কোনো কিছুই রাষ্ট্রপতির কাছে পাঠানো যাবে না এ ধারণা ঠিক নয়।’