প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে

জাপান বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে চলমান সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত হিরোইয়াসু ইজুমি। গতকাল সোমবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, জাপানের দূত প্রধানমন্ত্রীকে অবহিত করেন যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন জাপান সফরে দুই দেশের মধ্যে আড়াই বিলিয়ন ডলার সমমূল্যের ৪০তম অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স (ওডিএ) চুক্তি স্বাক্ষরিত হবে, যা গত বছরের চেয়ে ৩৫ শতাংশ বেশি।

রাষ্ট্রদূত বলেন, জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে জাপানে শেখ হাসিনাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আগামী পাঁচ বছর বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ে উন্নয়নের ক্ষেত্রে দেশের অর্থনীতি আরও এগিয়ে যাবে। জাপানের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে জানান, জাপানের সহায়তায় নির্মাণাধীন কক্সবাজার জেলার মহেশখালীর মাতারবাড়িতে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের অগ্রগতিতে এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

এ সময় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জাপানের বিভিন্ন অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের এক মহান বন্ধু। তিনি বঙ্গবন্ধুর শাসনামলে রূপসা সেতু নির্মাণে জাপানের সহযোগিতার কথা স্মরণ করেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান এ সময় উপস্থিত ছিলেন।