সরকারের কাজকে আরও গতিশীল করতেই মন্ত্রিসভার দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একই সঙ্গে মির্জা ফখরুলকে সংসদে দেখতে চান বলেও তিনি মন্তব্য করেন। গতকাল সোমবার বনানীর সেতু ভবনে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপিতে ফখরুলের চেয়ে যোগ্য কে আছে? বিএনপির শুভবুদ্ধির উদয় যে তারা সংসদে যোগ দিয়েছেন। গণফোরামের দু’জনও সংসদে এসেছেন। মির্জা ফখরুল বিরোধী দলের হয়ে সংসদে শক্তিশালী মেসেজ দিতে পারতেন। যোগদানই যেহেতু করেছেন, সেহেতু ইফেক্টিভ, সবচেয়ে মিনিংফুল বক্তব্য রেখে তাদের বার্তাটা দেশ-বিদেশে সর্বস্তরে পৌঁছে দেওয়ার জন্য মির্জা ফখরুলের যোগদানটা একেবারেই আবশ্যক ছিল। অন্যরা হয়তো তাদের ভয়েস সংসদে উত্থাপন করবেন, সোচ্চার হতে চেষ্টা করবেন। আমার মনে হয় মির্জা ফখরুল পারপাসটা ভালোভাবে সার্ভ করতে পারতেন। শক্তিশালী বিরোধী দলের দৃঢ়বার্তা তিনি দিতে পারতেন।’
মন্ত্রিসভার পুনর্বণ্টন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘এ ধরনের পদক্ষেপ সব দেশেই নেওয়া হয়। কাজের সুবিধার জন্য পুনর্গঠন অনেক সময় প্রয়োজন হয়ে পড়ে। প্রধানমন্ত্রী যেহেতু টিম লিডার, এই জাহাজের ক্যাপ্টেন, কাজেই রাষ্ট্রীয় জাহাজটি যাতে ভালোভাবে চলে, গতিসম্পন্ন হয়, সমন্বয় নিয়ে যেন চলতে পারে, সে জন্য প্রধানমন্ত্রী সময়ের চাহিদা মেটাতে এ ধরনের ব্যবস্থা নিয়েছেন। মন্ত্রিপরিষদ গঠন, পুনর্বিন্যাস, পরিমার্জন, পরিবর্ধনের এখতিয়ারটি সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রীর।’
উল্লেখ্য, সরকার গঠনের চার মাসের মাথায় পাঁচ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দায়িত্ব পুনর্বণ্টন ও নির্দিষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত রবিবার বিকালে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।