বুথ-ফেরত সমীক্ষার ফল প্রকাশের পরদিনই বড় উত্থান দেখা দিয়েছে ভারতীয় পুঁজিবাজারে। সমীক্ষায় নরেন্দ্র মোদির নেতৃত্বে এনডিএ সরকার গঠনের সম্ভাবনায় বোম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সেনসেক্স ও নিফটি সূচক রেকর্ড ছুঁতে চলেছে। গতকাল স্টক এক্সচেঞ্জটির বেশিরভাগ শেয়ারের দরবৃদ্ধিতে সেনসেক্স বেড়েছে ৩ দশমিক ৭৫ শতাংশ, যা রেকর্ড পয়েন্ট থেকে ১৩৫ পয়েন্ট পিছিয়ে। আর নিফটি সূচক বেড়েছে ৩ দশমিক ৭৩ শতাংশ।
স্থিতিশীল সরকার পুঁজিবাজারের জন্য ভালো বলে মনে করেন বিনিয়োগকারীরা। বিশ্লেষকদের ধারণা, কেন্দ্রীয় সরকার গঠনে বিজেপির ফিরে আসার সম্ভাবনায় পুঁজিবাজার আরও ভালো অবস্থানে যাবে। রবিবার সন্ধ্যা থেকে ভারতীয় গণমাধ্যম বুথ-ফেরত জরিপের ফল প্রকাশ শুরু করে, যাতে মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকার ফের ক্ষমতায় আসার সম্ভাবনা দেখা দেয়। এতে পরদিনই ভারতীয় পুঁজিবাজারে লেনদেনের শুরু থেকে বড় ধরনের উত্থান দেখা দেয়।
প্রায় সবগুলো খাতের শেয়ার দর বাড়লেও ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ, অটোমোবাইল ও ইস্পাত খাতের শেয়ারের ওপর নির্ভর করে সূচকের বড় উত্থান হয়েছে। পর্যালোচনায় দেখা যায়, সকাল ১০টা পুঁজিবাজারে লেনদেন চালুর পর থেকেই সূচকের ঊর্ধ্বমুখী ধারা স্পষ্ট হয়ে ওঠে। মাত্র ৩০ মিনিটেই সেনসেক্স সূচক ৯৭৯ দশমিক শূন্য ২ পয়েন্ট বেড়ে যায়। একই সময়ে নিফটি বাড়ে ২৯২ দশমিক ৮ পয়েন্ট। দিনের লেনদেন শেষে সেনসেক্স সূচক আগের দিনের চেয়ে ৩ দশমিক ৭৫ শতাংশ বা ১৪২১ পয়েন্ট বেড়ে ৩৯৩৫৩ পয়েন্টে উন্নীত হয়। নিফটি সূচক বেড়ে দাঁড়িয়েছে ১১৮৫৬ পয়েন্টে। মাত্র ২৯ পয়েন্ট যোগ হলেই নিফটি আগের রেকর্ড সূচক ছাড়িয়ে যাবে।
পর্যালোচনায় দেখা যায়, চলতি বছরের শুরু থেকেই ভারতীয় পুঁজিবাজারে ঊর্ধ্বগতি দেখা যায়। মাঝে মাঝে সংশোধন হলেও চলতি বছরের জানুয়ারি থেকে ৩ হাজারের বেশি পয়েন্ট যোগ হয়েছে সেনসেক্সে। গত ১ জানুয়ারি এ সূচকটি ছিল ৩৬২৫৪ পয়েন্টে।
গতকাল বিএসইতে ২ হাজার ৮১৩টি সিকিউরিটিজের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১ হাজার ৯৯৮টির, কমেছে ৬৩১টির ও অপরিবর্তিত রয়েছে ১৮৪টির। এর মধ্যে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরে কেনাবেচা হয়েছে ১৭৮টি সিকিউরিটিজের দর। বর্তমানে ৬৬টি কোম্পানির শেয়ার সর্বোচ্চ মূল্যে রয়েছে। গতকাল যেসব শেয়ারের সবচেয়ে বেশি দর বেড়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেÑ ইন্ডিয়াবুলস হাউজিং ফিনান্স, আল্ট্রাটেক সিমেন্ট, টাটা স্টিল, লারসেন অ্যান্ড টুব্রো, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, রিলায়্যান্স, আইসিআইসিআই ব্যাংক ও এইচডিএফসি। এসব শেয়ারের দর ৪ দশমিক ৯৬ থেকে ৬ দশমিক ৬৯ শতাংশ বেড়েছে। বৃহস্পতিবার ভোটের ফলাফল বের হওয়া পর্যন্ত পুঁজিবাজার ঊর্ধ্বমুখী ধারায় থাকবে বলে বিশেষজ্ঞরা আশাবাদ ব্যক্ত করেছেন।