মামলার ভয় দেখিয়ে টাকা আদায়

বংশাল থানার ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা

মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে রাজধানীর বংশাল থানার তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছেন এক ব্যবসায়ী। গতকাল সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা করেন ব্যবসায়ী আবদুস সালাম। বিচারক আবু সুফিয়ান বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগটি তদন্ত শেষে আগামী ২৯ জুন প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন বংশাল থানার এসআই রায়হান, এএসআই হাছেন ও এএসআই অমিত।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা গত ১৪ মে দুপুরে বাদীর ভাই সাবের মিয়াকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে জানিয়ে ব্যবসা প্রতিষ্ঠান থেকে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন বাদী গ্রেপ্তারি পরোয়ানা দেখতে চাইলে অভিযুক্ত পুলিশ কর্মকর্তারা তা দেখাতে ব্যর্থ হয়ে টালবাহানা শুরু করেন। এ সময় এএসআই অমিত বলেন, ‘সাবের মিয়া তালিকাভুক্ত সন্ত্রাসী, তাকে ক্রসফায়ারে দেওয়ার নির্দেশ আছে।’ এ কথা বলে অভিযুক্তরা বাদী ও তার ভাইকে ভয়ভীতি দেখাতে থাকেন। এরপর এএসআই হাছেন তাদের কাছে ৫ লাখ টাকা দাবি করেন। তাদের দুই ভাইয়ের পক্ষে এত টাকা দেওয়া সম্ভব নয় জানালে এএসআই হাছেন ২ লাখ টাকা দিতে বলেন। এই টাকা না দিলে বাদীকে অস্ত্র ও মাদকের গডফাদার সাজিয়ে কারাগারে পাঠানোর ভয় দেখান তিনি। বাদী ওই টাকা দিতে রাজি হলে আসামিরা তাদের দুই ভাইকে ডিআইটি মার্কেটের পাঁচ নম্বর ভবনের নিচতলায় হাজি আক্তার মিয়ার দোকানের সামনে যেতে বলেন। সেখানে দুই ভাই আসামিদের ২ লাখ টাকা দেন। আর এই লেনদেনের আংশিক দৃশ্য বাদীর মোবাইল ফোনে ধারণ করা আছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।