পঞ্চপাণ্ডবের বাইরের শক্তি নিয়ে উজ্জীবিত বাংলাদেশ কোচ

মাশরাফী বিন মোর্ত্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ- এই পঞ্চপাণ্ডবের বাইরেও বাংলাদেশ ক্রিকেট দলের শক্তি রয়েছে বলে মনে করেন কোচ স্টিভ রোডস। সেই শক্তি নিয়েও উজ্জীবিত তিনি।

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের মধ্য দিয়ে বিশ্বকাপের আগে দারুণভাবে নিজেদের ঝালাই করে নিয়েছে বাংলাদেশ দল। অপরাজিত চ্যাম্পিয়ন! নিজেদের ইতিহাসে প্রথমবারের বহুজাতিক টুর্নামেন্টে শিরোপা জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা।

ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় লক্ষ্য পেয়েও টলেনি বাংলাদেশ। দলে অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় সাকিব আল হাসান না থাকলেও লক্ষ্যে পৌঁছাতে কোনো সমস্যা হয়নি তাদের। লড়াইটিতে জোরালো ভূমিকা ছিল না তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ ও মাশরাফীর মতো সিনিয়র ক্রিকেটারদেরও। সৌম্য সরকার ও মোসাদ্দেক হোসেনের দাপুটে অর্ধশতকে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

এতে দলের সিনিয়র পাঁচ খেলোয়াড়ের বাইরের শক্তিরই প্রমাণ মিলেছে বলে মনে করেন রোডস। ফাইনাল প্রসঙ্গে তিনি বলেন, “দুই-তিনজন খেলোয়াড় বিশেষ ইনিংস খেলেছে। উদাহরণ হিসেবে আপনি মোসাদ্দেকের কথা বলতে পারেন। সে এখন একাদশের সবাইকে চিন্তার মধ্যে রাখবে।”

“এটাই দলের শক্তি। সে হয়তো খেলবে না। সে না খেললেও আমরা দারুণ অবস্থানে থাকবো। এটা আমাদেরকে আত্মবিশ্বাস দেবে। এতে করে আমরা কিছু বড় বড় ম্যাচ জিতে যেতে পারবো।”

“এর অর্থ হলো বাংলাদেশ দল এখন আরো শক্তিশালী। এটাই আমরা চাই। একাদশে আমরা আরো গভীরতা চাই। গভীরতাটা আমরা পেয়ে গেলে, মানুষ পাঁচ তারকা নিয়ে কথা বলা থামিয়ে দেবে।”

৩০ মে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে আইসিসি দ্বাদশ বিশ্বকাপের আসর। ২ জুন প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের মিশন।