এবারের বিশ্বকাপ অনেক চ্যালেঞ্জিং হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি ও কোচ রবি শাস্ত্রী। তবে শিরোপাই একমাত্র লক্ষ্য দলটির। আর সেই মিশনে অভিজ্ঞ মহেন্দ্র সিং ধোনিকে বড় অস্ত্র মনে করছেন রবি শাস্ত্রী।
বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে মঙ্গলবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলেন কোহলি ও শাস্ত্রী।
এ সময় ৩৭ বছর বয়সী ধোনিকে নিয়ে শাস্ত্রী বলেন, ‘‘ধোনির কমিউনিকেশন ক্ষমতা দারুণ। উইকেটকিপার হিসেবে বছরের পর বছর ধরে প্রমাণ করেছে, ধোনির চেয়ে ভালো আর কেউ নেই। ও দলের গুরুত্বপূর্ণ সদস্য। শুধুমাত্র উইকেটের পেছনে দাঁড়িয়ে ক্যাচ নেওয়া বা রান আউট করা নয়, গুরুত্বপূর্ণ সময়ে ধোনির পরামর্শ ম্যাচের রং বদলে দিতে পারে।’’
দারুণ ফর্ম নিয়ে ধোনি বিশ্বকাপে যাচ্ছেন বলে মনে করেন কোহলি, ‘‘আইপিএলে ব্যাট করার সময়ে ধোনির ফুটওয়ার্ক লক্ষ্য করেছি। দারুণ ছন্দে রয়েছে ধোনি।’’