ঈদে ‘আনন্দমেলা’য় মাহীর নাচ

প্রতি বছরের মতো আসন্ন ঈদুল ফিতরেও বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচার হতে যাচ্ছে জমকালো ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। এবার প্রথমবারের মতো অনুষ্ঠানটিতে নাচতে দেখা যাবে চিত্রনায়িকা মাহিয়া মাহীকে। গত ১৯ মে রাতে বিটিভিতে মাহীর অংশের দৃশ্য ধারণ করা হয়েছে। এতে তিনি একসঙ্গে ‘ম্যাজিক মামণি’, ‘টুপটাপ’ ও ‘জিতবে এবার জিতবে ক্রিকেট’র গানের সঙ্গে পারফর্ম করেছেন। পারফরমেন্সটি কোরিওগ্রাফি করেছেন তানজিল আলম এবং তার সঙ্গে ছিল ঈগলস ডান্স কোম্পানির একঝাঁক নৃত্যশিল্পী। এ প্রসঙ্গে মাহিয়া মাহী বলেন, নাচ আমার অনেক পছন্দ। আর তানজিল ভাইয়ের কোরিওগ্রাফি মানেই নাচে নতুনত্ব ও ভিন্নতা যা আন্তর্জাতিক মানের। আমি ও আমার পরিবারের সবাই ‘আনন্দমেলা’ অনুষ্ঠানের ভক্ত। প্রথমবারের মতো এই অনুষ্ঠানে পারফর্ম করতে পেরে আমি খুব আনন্দিত। ‘আনন্দমেলা’র মঞ্চে নাচ পরিবেশন করছেন মাহিয়া মাহী। তানজিল বলেন, দর্শকদের কথা বিবেচনা করে আমি প্রতি বছরই ‘আনন্দমেলা’তে ভিন্নতা রাখার চেষ্টা করি। আর সে জন্যই এবার মাহিয়া মাহীকে নিয়ে রয়েছে দর্শকদের জন্য অন্যরকম চমক। এছাড়া বিশ্বকাপ ক্রিকেটকে মাথায় রেখে পারফরমেন্সটি তৈরি করেছি।

‘আনন্দমেলা’ অনুষ্ঠানের প্রযোজক মাহাফুজার রহমান। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে ঈদের রাত ১০টার ইংরেজি সংবাদের পর প্রচার হবে।