‘সিঙ্গেল অ্যাকাউন্ট চালু হলে বীমায় দুর্নীতি থাকবে না’

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সিঙ্গেল অ্যাকাউন্ট (একক হিসাব) চালুর উদ্যোগ কার্যকর হলে বীমা খাতে দুর্নীতি থাকবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সহ-সভাপতি ও নিটল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান এ কে এম মনিরুল হক। নতুন অর্থবছরের বাজেট নিয়ে গতকাল মঙ্গলবার বিআইএ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আইডিআরএ গত ৩০ এপ্রিল একটি প্রজ্ঞাপন জারি করে বীমা কোম্পানির সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট খোলার নির্দেশনা দেয়। এরপর আরেকটি সার্কুলারে প্রিমিয়াম জমার ক্ষেত্রে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকলে যেকোনো একটি রেখে বাকিগুলো ১৩ মের মধ্যে বন্ধের নির্দেশ দেয় কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে এ বিষয়ে মনিরুল হক বলেন, সিঙ্গেল অ্যাকাউন্ট নিয়ে আইডিআরএর জারি করা সার্কুলারটি বাস্তবায়ন করা হলে সাধারণ বীমা খাতে দুর্নীতি থাকবে না বললেই চলে। তবে এতে কিছু সংশোধন আনা প্রয়োজন।

তিনি বলেন, বীমা কোম্পানিগুলো পরিচালনায় একটি অ্যাকাউন্ট নয়, ৫টি লাগবে। একই সঙ্গে এসব অ্যাকাউন্ট পরিচালনা নজরদারির বিষয়টি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে  যোগ করতে হবে। বীমা কোম্পানিগুলো গ্রাহকদের দাবি ঠিকমতো পরিশোধ না করায় এ খাতে এক ধরনের ইমেজ সংকট রয়েছে। গ্রাহকদের দাবি পরিশোধে বেশি গড়িমসি করে এমন কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বায়রা লাইফ, গোল্ডেন লাইফ, সানফ্লাওয়ার লাইফ ও সানলাইফ ইন্স্যুরেন্স। বিআইএর প্রথম সহ-সভাপতি ও সানলাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান রুবিনা হামিদ বলেন, ‘শুধু সানলাইফ নয়, প্রতিটি কোম্পানিতে গ্রাহকদের বীমা দাবি বকেয়া আছে। তবে আমরা গ্রাহকদের দাবি পরিশোধ করি না, বিষয়টি তা নয়। হাজার হাজার কোটি টাকার বীমা দাবি পরিশোধ করছি। কিন্তু তা নিয়ে আলোচনা হয় না।’