গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ১৮ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৬ জন এবং ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন করে প্রার্থী গতকাল মঙ্গলবার রিটার্নিং অফিসারের কাছে তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রীনা পারভীন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া চেয়াম্যান পদে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ পদে মনোনয়পত্র জমা দেন আতিকুজ্জামান মোহাম্মদ ও তৈয়ব আলী। চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা ইজাদুর রহমান মিলন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ১৮ জুন সদর উপজেলা পরিষদের নির্বাচন হবে।