বিয়ে করতে অস্বীকৃতি

প্রেমিকার বাসায় এআইইউবির ছাত্রের ‘আত্মহত্যা’

বিয়ে করতে অস্বীকৃতি জানানোয় প্রেমিকার বাসাতেই আশিক এ এলাহী (২০) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্র আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। তবে পরিবারের দাবি, আশিক আত্মহত্যা করেনি। তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।

ভাটারা থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, ‘আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) পঞ্চম সেমিস্টারের ছাত্র আশিকের সঙ্গে ফারিয়া নামে তার এক সহপাঠীর প্রেমের সম্পর্ক ছিল। গতকাল মঙ্গলবার সকালে আশিক মেয়েটির বাসায় গিয়ে বিয়ের কথা বলেন। বিয়েতে অস্বীকৃতি জানালে তিনি আত্মহত্যার হুমকি দেন। পরে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করছি।’

এর আগে কুড়িল পূর্বপাড়া নুর ইসলামের বাড়ির ২য় তলা থেকে অচেতন অবস্থায় আশিককে উদ্ধার করে পুলিশ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের সহপাঠী নাজমুস সাকিব বলেন, ‘ফারিয়ার সঙ্গে আশিকের এক-দেড় বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। ফারিয়া ভোরে ফোনে নিহতের বড় ভাইকে বিষয়টি জানান। এরপর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। আশিকের উচ্চতা ছয় ফুট, সে কোনোভাবেই জানালার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে না।’

আশিকের বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল আমিন বলেন, ‘আশিক কিছুতেই আত্মহত্যা করতে পারে না। তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।’

সুরতহাল প্রতিবেদনে ভাটারা থানার এসআই আল আমিন কাউসার অপু জানান, আশিকের শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।