চুয়াডাঙ্গায় দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামে এক তরুণীকে দুইজন মিলে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল বুধবার বিকেলে থানায় মামলা হয়েছে। পুলিশ আকাশ নামে একজনকে গ্রেপ্তার করেছে। পরিবারের অভিযোগ, ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে গ্রামের কয়েকজন প্রভাবশালী হুমকি দিয়ে সালিশ বৈঠকে বিষয়টি মীমাংসা করার জন্যও চাপ দিচ্ছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার সকালে নানির বাড়ি থেকে ওই তরুণী উজিরপুর গ্রামে ফিরছিলেন। এ সময় আলামিন (২৬) ও আকাশ (২৫) তার গতিরোধ করে। এরপর তাকে একটি ঘাস ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। মামলার তদন্তকারী কর্মকর্তা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) গাজী শামিমুর রহমান জানান, তরুণীর স্বাস্থ্য পরীক্ষার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। চুয়াডাঙ্গা শহরের কাঠপট্টি এলাকা থেকে ধর্ষক আকাশকে গ্রেপ্তার করা হয়। আরেক আসামিকে ধরতে অভিযান চলছে।
পুলিশ সুপার মাহবুবুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, কোনোভাবেই ধর্ষকদের ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।