বর্তমান সরকার কৃষকবান্ধব দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ধানের দাম নিয়ে সংকট ষড়যন্ত্র কি না তা খতিয়ে দেখা হবে। গতকাল বুধবার সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আগুন জ্বালিয়ে ধান পুড়িয়ে সমস্যার সমাধান হবে না। সরকার কৃষকবান্ধব। ধানের দাম নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। তিনি বলেন, ভারতে যে দল বা জোট ক্ষমতায় আসুক তাদের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক থাকবে। ভারতের নির্বাচনের পর দুদেশের অমীমাংসিত বিষয়গুলোর সমাধান হবে।
এর আগে সকালে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাংলাদেশ সড়ক পরিবহন কর্র্তৃপক্ষের (বিআরটিসি) শীতাতপ নিয়ন্ত্রিত বাস সার্ভিসের উদ্বোধন করেন ওবায়দুল কাদের। রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পাশে এই বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। ওবায়দুল কাদের বলেন, ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় ক্রয়কৃত ৬০০ বাস ও ৫০০ ট্রাক বিআরটিসির বহরে যুক্ত হলে ঢাকা মহানগরী ও আন্তঃজেলা সার্ভিসে গণপরিবহনের সক্ষমতা বাড়বে। তিনি বলেন, ইতোমধ্যে ৪৮০টি ট্রাক এবং ১৭৯টি বাস বিআরটিসির বহরে যুক্ত হয়েছে।
সড়ক সংশ্লিষ্টরা জানান, বিআরটিসির নারায়ণগঞ্জ বাস ডিপোর মাধ্যমে ঢাকা-নারায়ণগঞ্জ রুটটি পরিচালিত হবে। রুটটি হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম-মেয়র হানিফ ফ্লাইওভার-সাইনবোর্ড-চাষাঢ়া-মণ্ডলপাড়া। এ রুটের দূরত্ব ১৮ কিলোমিটার (এক পথে) এবং জনপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ঢাকা-চাষাঢ়া ৫০ টাকা এবং ঢাকা-মণ্ডলপাড়া ৫৫ টাকা।