হুয়াওয়ে বিক্রিতে ধস, বাতিল হচ্ছে নতুন অর্ডারও

গুগলের সরে যাওয়ার প্রভাব পড়তে শুরু করেছে হুয়াওয়ের ওপর। বিশ্ববাজারে তাদের বিক্রি কমে গেছে। একই সঙ্গে জাপান এবং ব্রিটেনের চারটি বড় কোম্পানি থেকে ফাইভ জি হুয়াওয়ে ফোনের যে অর্ডার ছিল, সেগুলো বাতিল করা হয়েছে।

হুয়াওয়ের ফোনে অ্যান্ড্রয়েড সেবাসহ নিজেদের কিছু কার্যক্রম সম্প্রতি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে গুগল। হুয়াওয়ের নতুন ফোনে পাওয়া যাবে না অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের আপডেট। একই সঙ্গে জনপ্রিয় সেবা গুগল প্লে স্টোর, জিমেইল, ক্রোম ব্রাউজার এবং ইউটিউবও চলবে না। তবে আগে যারা এই কোম্পানির ফোন কিনেছেন, তাদের কোনো সমস্যা হবে না।

বাজারে থাকা ফোনে গুগলের সেবা পাওয়া যাবে, এমন নিশ্চয়তা থাকলেও ক্রেতারা হুয়াওয়ে থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।

গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম বন্ধ হয়ে যাওয়ায় হুয়াওয়ে ‘হংমেং’ নামের নিজস্ব অপারেটিং সিস্টেম আনছে। তাতেও প্রতিষ্ঠানটি ঘুরে দাঁড়াতে পারবে না বলে ধারণা করা হচ্ছে।

টেলিকম জায়ান্ট ইই থেকে ব্রিটেনে হুয়াওয়ের মেট ২০এক্স ফোন বাজারজাত করার কথা ছিল। কিন্তু চলমান বিতর্কের ভেতর তারা সেটি করবে না।

আরেকটি বড় কোম্পানি ভোডাফোন থেকেও একই ঘোষণা দেওয়া হয়েছে। তারা প্রি-অর্ডার বাতিল করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুয়াওয়েকে ‘বিপজ্জনক’ তালিকাভুক্ত করার কয়েক দিন বাদে গুগল হুয়াওয়ের সঙ্গে চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত নেয়। আমেরিকার অভিযোগ, চীনের এই প্রতিষ্ঠানটি তাদের রাষ্ট্রীয় তথ্য চুরির সঙ্গে জড়িত।

পশ্চিমা বিশ্বের অন্য দেশগুলোও একই শঙ্কা করে। তাদের ধারণা, হুয়াওয়ের ফাইভ জি নেটওয়ার্ক একটি দেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।