মানিকগঞ্জের মেয়ে হলেন যুক্তরাজ্যের মেয়র

রওশনারা রহমান (দুলন) যুক্তরাজ্যের রামসগেইট শহরের মেয়র নির্বাচিত হয়েছেন। চলতি বছরের ১৪ মে নির্বাচনে বিপুল ভোটে রামসগেইট শহরের মেয়র নির্বাচিত হন তিনি।

তিনি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা কাশিমপুর (কাঠাল বাগান) গ্রামে প্রকৌশলী রজ্জব আলীর মেয়ে।

১৩ বছর বয়সে প্রকৌশলী বাবার সঙ্গে চলে যান যুক্তরাজ্যে।

এর আগে ২০১৭ সালে যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি প্রার্থী হিসাবে নির্বাচন করেছিলেন রওশনারা রহমান। সামান্য ভোটে সে সময় পরাজিত হন তিনি। এর আগে লেবারপার্টি থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন তিনি।

১৯৬৭ সালে তার বয়স যখন ১৩ তখন প্রকৌশলী বাবার সঙ্গে পাড়ি জমান যুক্তরাজ্যে। 

প্রায় প্রতিবছর ছুটে আসেন সিংগাইরের উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা কাশিমপুর (কাঁঠাল বাগান) গ্রামে। 
গ্রামের মানুষজনের জন্য কিছু করার তাগিদে প্রতিষ্ঠা করেছেন একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

রওশনারা ছিলেন মেধাবী ছাত্রী। যখন তিনি ইরতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে তখন বৃত্তিও পেয়েছিলেন। স্থানীয় তালেবপুর উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণি পর্যন্ত লেখাপড়ার পর বাবা প্রকৌশলী রজ্জব আলীর সঙ্গে চলে যান যুক্তরাজ্যে। 

সেই থেকে বাবা মায়ের সঙ্গে বসবাস করছেন যুক্তরাজ্যে।

যুক্তরাজ্যেও মেধার স্বাক্ষর রেখেছেন রওশনারা। তিনি সেখানে ব্যারিস্টারি ডিগ্রি লাভ করেন। 

তিনি স্বামী ব্যবসায়ী রেজাউর রহমানের সঙ্গে যুক্ত হন হোটেল ব্যবসায়। এরপর রাজনীতির ভুবনে। রওশনারার স্বামীর বাড়ি বাংলাদেশের পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায়।

রওশনারার বাবা ছিলেন বুয়েটের প্রথম ব্যাচের একজন প্রকৌশলী। দুই মাস আগে মারা গেছেন বাবা প্রকৌশলী রজ্জব আলী খান। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে রওশনারা সবার বড়।

১৯৬৭ সালে সপরিবারে যুক্তরাজ্যে যান রজ্জব আলী খান। এলাকায় একজন দানবীর ব্যক্তি হিসাবে তার খ্যাতি ছিল। তিনি নিজের জমিতে এলাকাবাসীর জন্য মসজিদ, ঈদগাহ মাঠ, রাস্তা এবং অসংখ্য ঘরবাড়ি নির্মাণ করেন। 

রামস-বাংলা মহিলা উন্নয়ন সংস্থার ম্যানেজার ও রওশানার চাচাতো ভাই আবদুল মোতালেব হোসেন জানান, সংস্থার মাধ্যমে তিনি দেশে প্রতিবছর বন্যার সময় ত্রান, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে গ্রামের মানুষকে চিকিৎসা সেবা দেন। 

মোতালেব হোসেন জানান, রওশনারা রহমানের পেশা ব্যবসা। রামসগেট শহরে ‘তন্দরি’নামে একটি রেস্টুরেন্টের মালিক তিনি। 

দেশের ঐতিহ্য তুলে ধরতে রওশনারা রহমান প্রায় এক যুগ আগে একটি রিকশা নিয়ে গিয়েছিলেন লন্ডনে। সেময় বিষয়টি বেশ সাড়া ফেলেছিল। যা বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তেও প্রচারিত হয়।