তারকা প্রার্থীদের জয়জয়কার

ভারতের লোকসভা নির্বাচনের প্রাথমিক ভোটের ফলাফল ঘোষণা হয়ে গেল গতকাল। দেশটির বিভিন্ন প্রান্তে ভিন্ন ভিন্ন দলের হয়ে ভোটে লড়েছিলেন শোবিজ তারকারা। তাদের বেশিরভাগই জয়ী হয়েছেন। বিশেষ করে সমগ্র ভারতে ক্ষমতাসীন বিজেপি এগিয়ে থাকলেও পশ্চিমবঙ্গে মমতার তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়ানো তারকা প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন শতাব্দী রায়, দেব, মিমি চক্রবর্তী, নুসরাত জাহান। পশ্চিমবঙ্গে তারকা প্রার্থীদের মধ্যে শুধুমাত্র পরাজিত হয়েছেন মহানায়িকা সুচিত্রা সেন কন্যা মুনমুন সেন। তবে পশ্চিমবঙ্গে অন্য দল থেকেও একাধিক তারকা জয়ী হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন বিজেপির প্রার্থী সাবেক মন্ত্রী ও জনপ্রিয় সংগীতশিল্পী বাবুল সুপ্রিয়। গতকাল রাত সাড়ে ৮টা পর্যন্ত পাওয়া খবরে তিনি আসানসোল থেকে মুনমুন সেনের বিপরীতে ৮০,৪৮৬ ভোটে জয়লাভ করেছেন। পশ্চিমবঙ্গের আরেক তারকা বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি হুগলি থেকে জিতেছেন ৭১,৭৪২ ভোটে। ভোটের ব্যবধানের দিক থেকে সবচেয়ে এগিয়ে এ সময়ের অন্যতম জনপ্রিয় টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। তিনি যাদবপুরের মতো গুরুত্বপূর্ণ এলাকায় ২,৮২,৩৩৭ ভোটে জিতেছেন। আরেক জনপ্রিয় নায়িকা নুসরাত জাহানের ভোটের ব্যবধানও কম নয়। তিনি বসিরহাট থেকে জিতেছেন ২,৮২,০৯৯ ভোটে। সেদিক থেকে অনেকটাই পিছিয়ে রাজনীতি ও সিনেমা অঙ্গনে মিমি-নুসরাতের সিনিয়র অভিনেতা সুপারস্টার দেব। তিনি তৃণমূল থেকে ঘাটাল এলাকার নির্বাচিত প্রার্থী হলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থী থেকে তার ভোটের ব্যবধান ১,৮২,৭৪২। বীরভূম এলাকা থেকে তৃণমূল প্রার্থী ও এক সময়ের টলিউড কুইন শতাব্দী রায় জিতেছেন ৩০,৯২৭ ভোটে।

বিহারের পাটনা থেকে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী বলিউডের প্রখ্যাত অভিনেতা ও নায়িকা সোনাক্ষী সিনহার বাবা শত্রুঘ্ন সিনহা। তবে সোনাক্ষীর মা অভিনেত্রী পুনম সিনহা ভোটে হেরেছেন। তিনি এএসপি থেকে লক্ষৌ এলাকায় দাঁড়িয়েছিলেন।

সিনহা পরিবারের দুই প্রার্থীর একজনের জিত ও একজনের হার মেনে নিলেও বলিউডের আরেক বিখ্যাত পরিবারের দুজন সদস্যই জিতে গেছেন। তারা হলেন বলিউডের ড্রিম গার্ল হেমা মালিনী ও তার সৎ ছেলে সানি দেওল। মথুরা আসনে ভোটে এগিয়ে আছেন বিজেপির প্রার্থী হেমা মালিনী। তার বিরুদ্ধে কংগ্রেসের হয়ে ভোটে লড়ছেন মহেশ পাঠক। ২০১৪ সালের নির্বাচনেও হেমা মালিনী ব্যাপক ভোটের ব্যবধানে মথুরা আসন থেকে জয়লাভ করেন। তাই এবারও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন ছিলেন তিনি। অন্যদিকে একই দলের হয়ে পাঞ্জাবের গুরুদাসপুর আসন থেকে ভোটে এগিয়ে আছেন সানি দেওল। তার আসনটি বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত। এ আসনে চারবার এমপি নির্বাচিত হয়েছিলেন অভিনেতা থেকে রাজনীতিক হয়ে ওঠা বিনোদ খান্না।