চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ নির্মাণে এডিবির সঙ্গে চুক্তি

চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে ডুয়েল গেজ রেল সংযোগ নির্মাণে ৪০ কোটি ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। গতকাল বৃহস্পতিবার এডিবির সঙ্গে এ-সংক্রান্ত একটি চুক্তি করেছে সরকার।

কর্মকর্তারা বলেন, এসএএসইসি চট্টগ্রাম-কক্সবাজার রেলওয়ে প্রকল্পে এডিবির ১৫০ কোটি ডলার ঋণের দ্বিতীয় কিস্তি এটি।

বাণিজ্য ও পর্যটন বাড়াতে চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে ১০২ কিলোমিটার ট্রেন লাইনের প্রায় ২৭ শতাংশ ঋণের অর্থায়নে সম্পন্ন হবে বলে জানিয়েছেন তারা। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মনোয়ার আহমেদ ও এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ ইআরডি ভবনে নিজ নিজ পক্ষে এই চুক্তিতে সই করেন।

এক বিবৃতিতে মনমোহন প্রকাশ বলেন বাংলাদেশে নিরাপদ, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব রেলওয়ে যোগাযোগ উন্নয়নে সহযোগিতা দিতে এডিবি অঙ্গীকারাবদ্ধ। নতুন এই রেল সংযোগ ২০২৩ সালে চালু হবে। ২০২৪ সাল নাগাদ এই চট্টগ্রাম-কক্সবাজার  রেলপথ ২৯ লাখ যাত্রী পরিবহনে সক্ষম হবে।