অপহৃত আ.লীগ নেতাকে উদ্ধারের দাবিতে বিক্ষোভ

বান্দরবানে অপহৃত আওয়ামী লীগ নেতা চথোয়াইমং মার্মাকে উদ্ধারের দাবিতে বুধবার রাতে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। চথোয়াইমংকে অপহরণের খবর ছড়িয়ে পড়লে রাত ১১টার দিকে জেলা শহরে তারা মিছিলটি বের করেন।

চথোয়াইমং মার্মার পরিবার ও পুলিশ সূত্র জানায়, গত বুধবার রাত ৯টার দিকে উপজেলা সদরের উজি হেডম্যানপাড়া এলাকা থেকে তাকে অপহরণ করে সন্ত্রাসীরা। তিনি বান্দরবান পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি। পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাতে উজি হেডম্যানপাড়ার খামারবাড়ি থেকে চথোয়াইমংকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। অপহরণের খবর ছড়িয়ে পড়লে রাত ১১টার দিকে জেলা সদরে বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগ। অবিলম্বে অপহৃতকে উদ্ধারের দাবি জানান তারা। অন্যথায় আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে বিক্ষোভ মিছিল থেকে জানানো হয়।

বিক্ষোভ মিছিলে জেলা আওয়ামী লীগের সভাপতি ক্য শৈ হ্লা, সাধারণ সম্পাদক ইসলাম বেবী, যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাশ, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর, পৌর কাউন্সিলর অজিত দাশসহ দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। গত ৭ মে থেকে একই এলাকায় পরপর তিনটি হত্যাকাণ্ড হলেও এখন পর্যন্ত দোষীদের কাউকে শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।