‘পাঁচে নামা উচিত ধোনির’

আসন্ন বিশ্বকাপে অন্যতম ফেভারিট ধরা হচ্ছে ভারতকে। তাদের ব্যাটিং লাইনআপ অনেক শক্তিশালী। কিন্তু ব্যাটিংয়ে পাঁচ নম্বরে কে খেলবে তা নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। ব্যাটিং গ্রেট শচীন টেন্ডুলকার মনে করেন, মহেন্দ্র সিং ধোনির পাঁচ নম্বরে ব্যাট করা উচিত। ধোনি এখন পর্যন্ত ৩৪১টি ওয়ানডে খেলেছেন। এই বিশ্বকাপের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় এ উইকেটকিপার। শচীনের বিশ্বাস, ধোনি পাঁচে ব্যাট করলে শেষ ওভারে ঝড় তোলার আগে মাঝের ওভারে টেনে নিতে পারবে। ‘আমি এখনো জানি না দলের কম্বিনেশন কী হবে। কিন্তু যদি রোহিত ও শিখর ওপেনিংয়ে খেলে, বিরাট তিনে এবং চারে যে-ই খেলুক, ধোনি পাঁচে খেলতে পারে। তারপর হার্দিক পান্ডিয়া’Ñ শচীনের পরামর্শ। কেন পাঁচে ব্যাটিং করবেন ধোনি তারও যুক্তি দেখিয়েছেন লিটল মাস্টার, ‘পাঁচ থেকে আট নম্বর পর্যন্ত আপনি ফিনিশারদের দেখবেন, যারা শেষ পর্যন্ত থেকে চাপটা কমিয়ে দেবে। আমার মনে হয় এটা করার জন্য আমাদের দল দারুণভাবে সংগঠিত।’ তার মতে, ওপেনিংয়ে ডান-বাঁহাতি কম্বিনেশন দরকার, ‘ডান-বাম কম্বিনেশন সবসময় উপযোগী, কারণ বোলারকে বারবার লাইন পরিবর্তন করতে হয় এবং অধিনায়ককে (ফিল্ডিং নিয়ে) ভাবতে হয়।’ এবারের বিশ্বকাপের উইকেট বোলারদের সাহায্য করবে না বলেও মনে করেন শচীন। তবে কোনো দলে ভালো স্পিনার থাকলে তারা মিডল অর্ডারে দলকে সাহায্য করবে বলেও জানিয়েছেন তিনি।