ভারতে লোকসভা নির্বাচনের ফল ঘোষণার দিন গতকাল বৃহস্পতিবার স্বামী নরেন্দ্র মোদির জয়ের জন্য উপবাস ছিলেন তার স্ত্রী যশোদাবেন। মোদির জয়ের ঘোষণার পর সাংবাদিকদের আবেগঘন প্রতিক্রিয়া জানান তিনি।
নিজের আনন্দ প্রকাশ করতে গিয়ে যশোদাবেন বলেন, ‘আজ আমি খুব খুশি। আমি তো এটাই প্রার্থনা করে এসেছি।’ বৃহস্পতিবার সকাল থেকেই যখন মানুষ টেলিভিশনের পর্দায় নিজ দলের জয়-পরাজয়ের খবর জানতে তাকিয়ে ছিল, তখন যশোদাবেন ছিলেন অম্বাজি মাতার মন্দিরে। উপবাস থেকে মোদির মঙ্গল কামনায় তিন পূজা ও প্রার্থনা করেন। তিনি আরও বলেন, ‘মোদি যাতে তিনশোর বেশি আসন নিয়ে ফের সরকারে আসে, সেজন্য ব্রত করেছি। উপোস ওর জন্যই।’
ভারতের আনন্দবাজার পত্রিকা জানায়, দেশজুড়ে সকাল ৮টায় ভোটগণনা শুরু হয়েছে। প্রথম এক ঘণ্টা টিভির দিকে তাকাননি যশোদাবেন। স্নান সেরে সাড়ে ৮টায় বেরিয়ে পড়েছিলেন অম্বাজি মাতার মন্দিরের উদ্দেশে। ভাইয়ের বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরেই ওই মন্দির।
যশোদাবেন বলেন, ‘আজ (গতকাল) বৃহস্পতিবার। গুরুবার। মানে গুরুর দিন। আমি গুরুর জন্য উপোস আছি। একই সঙ্গে অম্বাজি মাতা এবং মহাকালেশ্বরের জন্যও।’ আর তখুনি একটু থেমে তিনি জানান, মোদির জন্য এবং নির্বাচনে মোদির জয়ের জন্যও তার এ উপবাস। যশোদাবেন যে পুজো-অর্চনা আর উপোসের ওপরই থাকেন তা জানা গিয়েছিল আগেই। নিয়মিত মন্দিরে যান কি না সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, ‘ওটাই তো আছে জীবনে। ভগবানকে মনপ্রাণ দিয়ে ডাকি। সবই ওর জন্য।’
এবারও সে কাজটিই নিষ্ঠার সঙ্গে করে চলেছেন তিনি। সব কেন্দ্রের ফল প্রকাশ্যে আসার পরই ভোর থেকে রাখা উপবাস ভাঙেন যশোদাবেন। ফল ঘোষণার আগেও যশোদাবেনের প্রতিক্রিয়া জানতে সাংবাদিকরা তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। কিন্তু তখন পুলিশি নিরাপত্তার কারণে তা সম্ভব হয়নি।