টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা কারবারি নিহত

জেলার টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মো. হানিফ (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক কারবারি। নিহত হানিফ (৩৮) টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাটমুরাপাড়া এলাকার মৃত আবুল কাসেমের ছেলে।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, ‘আটক ইয়াবা কারবারি হানিফের স্বীকারোক্তি অনুযায়ী বুধবার গভীর রাতে ইয়াবা, অস্ত্র ও গুলি উদ্ধারে উপজেলার সদর ইউনিয়নের লম্বরী মেরিন ড্রাইভ সড়ক এলাকায় অভিযানে যায় পুলিশ। এই সময় তার সহযোগীরা এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে পুলিশ সদস্যরাও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ইয়াবা কারবারিরা পালিয়ে যায় এবং হানিফ গুলিবিদ্ধ হয়।’ ওসির ভাষ্য, ‘পুলিশ সদস্যরা হানিফকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে তিনটি দেশি অস্ত্র, ১১ রাউন্ড গুলি ও চার হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য তার লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’