বগুড়ায় ধানক্ষেতে আগুন দেওয়ার ঘটনা ঘটেনি : হানিফ

বগুড়ার ধানক্ষেতে আগুন দেওয়ার কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেন, ভারতের পাঞ্জাবের একটি ধানপক্ষতে লাগা আগুনের ছবি ষড়যন্ত্র করে ফেইসবুকে পোস্ট করে ছড়িয়ে দিয়েছে বিএনপি-জামায়াত। এর আগে তারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে সরকার উৎখাতে ব্যর্থ হয়েছে। এখন এই ধরনের পথ বেছে নিয়েছে।

গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির আয়োজনে ‘নারীর অগ্রযাত্রায় সমৃদ্ধ বাংলাদেশ : শেখ হাসিনার অবদান’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র এখনো থামেনি। সুযোগ পেলেই তারা ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। বর্তমানে তারা ধান নিয়ে ষড়যন্ত্র করছে। আমরা খবর নিয়েছি বগুড়ায় আগুন দেওয়া হয়নি। ভারতের পাঞ্জাবে ধানক্ষেতে আগুন লেগেছিল। ওই দেশের সরকার সেটা নেভানোর চেষ্টা করেছিল। উদ্দেশ্যমূলকভাবে সেই ছবি বগুড়ায় ধানক্ষেতে আগুন বলে প্রচার করা হচ্ছে।

এ সময় হানিফ বলেন, আজকে আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, আমাদের জাতির মানুষের মধ্যে নীতি, নৈতিকতা ও সততার সংকট। প্রত্যেকটা সেক্টরে আজকে মানুষের যে অসততা দেখি, অনৈতিকতা দেখি, এরকম অসততা নিয়ে একটা দেশ খুব বেশিদূর এগোতে পারে না।

আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সভাপতি ড. সুলতানা সফির সভাপতিত্বে সেমিনার আরও বক্তৃতা করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন।