নওগাঁয় বড়ির পাশে স্কুলছাত্রের ক্ষত-বিক্ষত লাশ

নওগাঁ সদর উপজেলার শৈলকুপা গ্রামের রাসেল হোসেন (১৫) নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতের কোন এক সময় এ হত্যাকাণ্ড ঘটে। শুক্রবার সকালে বাড়ির পাশে তার মরদেহ দেখতে পায় এলাকাবাসী।

নিহত রাসেল সদর উপজেলার দুবলহাটি রাজা হরনাথ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। রাসেল হোসেন ছোট থেকেই শহরের শৈলকুপায় তার মামার বাড়িতে থাকত। সে হোসেন শহরের মাস্টার পাড়া মহল্লার কামাল হেসেনের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে তারাবির নামাজ পড়ার জন্য শৈলকুপায় তার মামার বাড়ি থেকে বেরিয়ে যায় রাসেল হোসেন। এরপর আর ফিরে আসেনি। রাসেলের মোবাইল ফোনও বন্ধ পায় তার পরিবারের লোকজন। এলাকাবাসী সকালে বাড়ির পাশে রাসেলের মরদেহ দেখে থানা পুলিশে খবর দেয়।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়। রাসেলের শরীরে বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কুপিয়ে হত্যার পর তার মরদেহ এখানে ফেলে গেছে দুর্বৃত্তরা।