কান চলচ্চিত্র উৎসবে চলতি বছর ভারত থেকে প্রথম নারী ডিওপি বা সিনেমাটোগ্রাফার হিসেবে বিশেষ এনকারেজমেন্ট পুরস্কার পেতে চলেছেন কলকাতার মেয়ে মধুরা পালিত। বহু বছর পর বাঙালি হিসেবে বিশ্বের দরবারে ভারতকে এই খাতি ও সম্মান পাইয়ে দিলেন মধুরা। তিনি এখন সারা দেশে আলোচিত নাম। এই অর্জনে উচ্ছ্বসিত ও আবেগতাড়িত হয়ে পড়েছেন মধুরা।
তিনি বলেন, ‘প্রথমে যখন খবর পাই, বিশ্বাসই করতে পারছিলাম না। এখনো বিশ্বাস হচ্ছে না, এই পুরস্কার আমি পাচ্ছি। জানি না কী বলা উচিত। ভাষা হারিয়ে ফেলছি। স্বপ্ন দেখেছি অনেক। কিন্তু, কখনো ভাবিনি, সত্যি সত্যি স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হবে। তবে জীবনে বড় সাফল্য ছুঁতে চেয়েছিলাম। আজ সেই সাফল্যের পথে হেঁটে চলেছি। স্বপ্নের মতো লাগছে। বুঝতে পারছি, অনেক বড় দায়িত্ব আমার কাঁধে। ভারতীয় চলচ্চিত্রকে আরও সমৃদ্ধ করার দায়ভার নিতে হবে।’ মধুরা সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটে পড়াশোনা করেছেন।