টানা দ্বিতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হতে যাওয়া নরেন্দ্র মোদিকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি আজকালের মধ্যে ঢাকায় ভারতীয় হাইকমিশনে চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানাবে।
গতকাল শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ভারতের লোকসভা নির্বাচনে সবচেয়ে ভালো দিক হচ্ছে, সে দেশের জনসাধারণ ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন
করতে পেরেছে। যেটা বাংলাদেশের জনগণ পারেনি। এটাই হচ্ছে সবচেয়ে পজিটিভ দিক। আমীর খসরু বলেন, ভারতের জনগণ ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করতে সক্ষম হয়েছে, গণতন্ত্র সফল হয়েছে। তাদের মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্রকে আরও বেশি মজবুত করেছে, শক্তিশালী করেছে। এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সম্পর্ক দুই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে জনগণের মধ্যে হতে হবে।