গুজরাটের সুরাটের একটি কোচিং সেন্টারে গতকাল শুক্রবার দুপুরের দিকে আগুন লাগে। এই ঘটনায় অন্তত ১৯ শিক্ষার্থী নিহত হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। নিহতদের অধিকাংশের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে সুরাটের তক্ষশীলা নামের একটি বাণিজ্যিক ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় আগুন লাগে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ভিডিওতে দেখা যায়, আগুন থেকে প্রাণে বাঁচতে বেশ কয়েক শিক্ষার্থী তৃতীয় ও চতুর্থ তলা থেকে লাফ দিচ্ছে। ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানান, আগুন ও ধোঁয়া থেকে বাঁচতে তৃতীয় ও চতুর্থ তলা থেকে শিক্ষার্থীরা নিচে লাফিয়ে পড়েছে। অনেককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে এই ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগুনে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দিতে গুজরাট রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি। এমনকি নিহতদের প্রত্যেকের পরিবারকে চার লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার।
এই ঘটনায় রাজ্য সরকারের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। এই কমিটি আগুন লাগার কারণ অনুসন্ধান করবে।
ভারতে অগ্নিনিরাপত্তার বিষয়টিতে তেমন গুরুত্ব দেওয়া হয় না। আর এতে প্রায়ই আগুনে হতাহতের ঘটনা ঘটে। শুধু ২০১৫ সালে দেশটিতে বিভিন্ন অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে।