নোয়াখালীর বেগমগঞ্জে বাড়িতে হামলা চালিয়ে শাশুড়িকে পিটিয়ে গৃহবধূকে দল বেঁধে ধর্ষণ করেছে সন্ত্রাসীরা। গত বৃহস্পতিবার রাতে ছয়ানি ইউনিয়নের দোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। গৃহবধূকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গতকাল শুক্রবার অস্ত্র ও গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলোÑ দোয়ালিয়া গ্রামের সাইফুল ইসলাম, রুদ্রপুর গ্রামের বাবু ও হিরাপুর গ্রামের হারুণ। পরিবারের অভিযোগ, পুকুরে মাছচাষকে কেন্দ্র করে গৃহবধূর স্বামীর সঙ্গে স্থানীয় সন্ত্রাসী হারুণ, সাইফুল ও বাবুর দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। তারা পরিবারের সদস্যদের হুমকি দিয়ে আসছে। ধর্ষণের শিকার ওই গৃহবধূ অভিযোগ করে জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে স্বামীর অনুপস্থিতিতে ৬০-৭০ সন্ত্রাসী বাড়ি ঘেরাও করে। এরপর হারুণ, সাইফুল ও বাবু দরজা ভেঙে ঘরে ঢুকে শাশুড়িকে মারধর ও গৃহবধূকে দল বেঁধে ধর্ষণ করে। এ সময় সন্ত্রাসীরা ঘরে ভাঙচুর চালায়। বেগমগঞ্জ
থানার ওসি ফিরোজ আলম মোল্লা বলেন, এ ঘটনায় রাতেই তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ৬০-৭০ জনের নামে মামলা হয়েছে। শুক্রবার সকালে দুই আসামি সাইফুল ও বাবুকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় আসামিদের কাছ থেকে একটি এলজি ও এক রাউন্ড গুলিও উদ্ধার করা হয়। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। বিকেলে র্যাব ১১ হিরাপুরে অভিযান চালিয়ে অপর আসামি হারুণকে গ্রেপ্তার করে।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, গৃহবধূকে গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার স্বাস্থ্য পরীক্ষা চলছে।’