নওগাঁয় রাসেল হোসেন (১৫) নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সকালে সদর উপজেলার শৈলকুপা গ্রামে মামাবাড়ির পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। দুবলহাটি রাজা হরনাথ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র রাসেল শহরের মাস্টারপাড়া মহল্লার কামাল হোসেনের ছেলে। কামাল জানান, রাসেল মামাবাড়ি
থেকে লেখাপড়া করত। বৃহস্পতিবার রাতে তারাবির নামাজ পড়তে বাড়ি থেকে বের হয় সে। এরপর আর ফিরেনি। তার মোবাইল ফোন বন্ধ ছিল। সকালে এলাকাবাসী বাড়ির পাশে রাসেলের লাশ দেখে পুলিশে খবর দেন।
সদর থানার ওসি সোহরাওয়ার্দী জানান, লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রাসেলের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা বৃহস্পতিবার রাতের কোনো এক সময় তাকে খুন করে এখানে লাশ ফেলে গেছে।