কচুয়ায় ৮২ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

চাঁদপুরের কচুয়া উপজেলা থেকে ৮২ কেজি ওজনের একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে কচুয়া থানায় অতিরিক্ত পুলিশ সুপার (কচুয়া সার্কেল) শেখ রাসেল প্রেস কনফারেন্সের মাধ্যমে এ খবর জানান।

শুক্রবার মধ্যরাতে উপজেলার করইশ গ্রামে বিলকিছ কমিশনারের বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। তবে, এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

অতিরিক্ত পুলিশ সুপার শেখ রাসেল জানান, করইশ গ্রামের বিলকিছ কমিশনারের বাড়ির ওয়ালী উল্যাহর নিকট একটি কষ্টি পাথরের মূর্তি রক্ষিত আছে এমন সংবাদ পেয়ে শুক্রবার মধ্যরাতে অভিযান চালানো হয়। এ সময় ৮২ কেজি ওজনের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। যার উচ্চতা ৩৮ ইঞ্চি, প্রস্থ ১৯ ইঞ্চি।

মূর্তিটির ব্যাপারে প্রত্নতত্ত্ব বিভাগকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে মূর্তিটি তাদের নিকট হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে ওয়ালী উল্যাহ ও তার ভাই মো. ওসমান বাড়ির পাশে একটি পুকুরে জাল দিয়ে মাছ ধরার সময় হঠাৎ তাদের পায়ে শক্ত কোন বস্তুর আঘাত টের পায়। এ সময় তারা পুকুরে দুই ফুট গর্ত করে একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করে।