সীতাকুন্ডের শীতলপুর মদনহাট এলাকায় শনিবার সকালে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মো. শফি (৪৫) নামের কৃষক নিহত হয়েছে। নিহত কৃষক একই এলাকার মৃত আহন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের ঝোড়ো হাওয়ায় গাছের ডাল-পালার সাথে নিজের ঘরের বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে শফির ঘরের টিনের চালে। সকালে ঘরের চাল পরিষ্কার করতে উঠলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হন তিনি।
এলাকাবাসী তাকে উদ্ধার করে চট্রগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, সকাল সাড়ে ১১টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট এক শ্রমিককে হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেন সীতাকুন্ড থানার এসআই শওকত হোসেন।