চাঁদপুরের কচুয়া উপজেলার করইশ গ্রাম থেকে ৮২ কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার মধ্যরাতে উপজেলার করইশ গ্রামে বিলকিছ কমিশনারের বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। গতকাল শনিবার দুপুরে কচুয়া থানার অতিরিক্ত পুলিশ সুপার (কচুয়া সার্কেল) শেখ রাসেল প্রেস কনফারেন্সের মাধ্যমে এ খবর নিশ্চিত করেন।
অতিরিক্ত পুলিশ সুপার শেখ রাসেল জনান, করইশ গ্রামে ওয়ালী উল্যাহর কাছে একটি কষ্টিপাথরের মূর্তি আছেÑ এমন সংবাদ পেয়ে শুক্রবার মধ্যরাতে অভিযান চালানো হয়। এ সময় ৮২ কেজি ওজনের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়। মূর্তিটি প্রতœতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হবে।
স্থানীয়রা জানান, গত শুক্রবার উপজেলার করইশ গ্রামের ওয়ালী উল্যাহ, ওসমান, আমির হোসেন বাড়ির পাশে একটি পুকুরে জাল দিয়ে মাছ ধরার সময় হঠাৎ তাদের পায়ে শক্ত কোনো বস্তুর আঘাত টের পান। এ সময় তারা পুকুরে দুই ফুট গর্ত করে একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেন।