মাইক্রোএসডি কার্ড ব্যবহারেও ধাক্কা খেল হুয়াউইয়ে

হুয়াউইয়ের জন্য একের পর এক খারাপ খবর আসছে। সর্বশেষ যুক্তরাজ্যভিত্তিক প্রসেসর নির্মাতা কোম্পানি এআরএম হুয়াউইয়ের সঙ্গে চুক্তি বাতিল করে। এবার খবর এলো, মেমোরি কার্ডের স্ট্যান্ডার্ড নির্ধারণ করা প্রতিষ্ঠান এসডিএ অ্যাসোসিয়েশন হুয়াউইয়ের সদস্যপদ বাতিল করেছে। অর্থাৎ এখন থেকে হুয়াউইয়ে অফিশিয়ালভাবে আরএসডি কার্ড ও মাইক্রোএসডি কার্ড তাদের ফোনে বা ল্যাপটপে ব্যবহার করতে পারবে না।

এসডি অ্যাসোসিয়েশন জানিয়েছে, ট্রাম্পের নিষেধাজ্ঞার কারণেই হুয়াউইয়ের সদস্যপদ তারা বাতিল করেছে। হুয়াউইয়ের বর্তমান ডিভাইসগুলোতে মাইক্রোএসডি কার্ড ও এসডি কার্ড ব্যবহার করা যাবে। তবে পরবর্তী ডিভাইসগুলোতে এ সুবিধা পাওয়া যাবে না।

এ ছাড়া, ওয়াইফাই অ্যালাইয়েন্সও হুয়াউইয়ের সদস্যপদ বাতিল করেছে। বিভিন্ন ডিভাইসের ওয়াইফাই স্ট্যান্ডার্ড তৈরি করা বা নিয়ন্ত্রণ করার কাজ করে থাকে ওয়াইফাই অ্যালাইয়েন্স।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা জারির পর এখন পর্যন্ত গুগল, ইন্টেল, কোয়ালকম, ব্রডকম ও এআরএম হুয়াউইয়ের সঙ্গে ব্যবসায়িক লেনদেন বাতিল করেছে। সূত্র : টেকশহর