ভিপি নুরের ইফতার অনুষ্ঠানে ছাত্রলীগের ‘তালা’

রেস্তোরাঁয় তালা দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ইফতার মাহফিলে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নূরুল হক নুর। ছাত্রলীগের দাবি, সাধারণ ছাত্ররা এতে বাধা দিয়েছে। গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়া শহরের মসজিদ রোডে গ্র্যান্ড এ মালেক চাইনিজ রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া শাখা। সংগঠনের ব্রাহ্মণবাড়িয়া সমন্বয়ক আশরাফুল হাসান বলেন, ‘ছাত্রলীগ নেতাকর্মীরা গ্রান্ড মালেক রেস্টুুরেন্টের তালা বদল করে নতুন তালা ঝুলিয়ে দেয়। এ কারণে আমরা নিচে দাঁড়িয়ে খেজুর ও পানি দিয়ে ইফতার করেছি।’

ইফতার অনুষ্ঠানে যোগ দিতে ভিপি নুর ঢাকা থেকে চট্টলা এক্সপ্রেস ট্রেনে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে রওনা হন। তাকে ঘিরে শহরে উত্তেজনা দেখা দেওয়ায় আশুগঞ্জ উপজেলার তালশহর স্টেশনে ট্রেন থামিয়ে রাখা হয়। প্রায় দুই ঘণ্টা পর পুলিশ নুরকে নিয়ে আসে। সন্ধ্যায় পুলিশি প্রহরায় ইফতারের নির্ধারিত স্থানে যান নুর। রেস্তোরাঁ বন্ধ থাকায় তিনি আয়োজকদের নিয়ে সামনে অবস্থান নেন।

এ সময় ডাকসু ভিপি সাংবাদিকদের বলেন, ‘ছাত্রলীগ নেতাকর্মীরা কেন এমন উগ্র আচরণ করছে, তা আমাদের বোধগম্য নয়। বিষয়টি কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদককে জানিয়েছি। আমাদের সঙ্গে জামায়াত-শিবিরের সংশ্লিষ্টতা থাকলে প্রধানমন্ত্রী আমাদের দাওয়াত দিয়ে গণভবনে নিয়ে যেতেন না।’

জানতে চাইলে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল বলেন, ‘ভিপি নূর সরকারবিরোধী বক্তব্য দিয়েছে। তাদের সঙ্গে ছাত্র অধিকারের ব্যানারে শিবিরের ছেলেরা আসছে। এজন্য সাধারণ ছাত্ররা অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে।’ গ্র্যান্ড এ মালেক চাইনিজ রেস্টুরেন্টের স্বত্বাধিকারী আব্দুল মালেক সাংবাদিকদের জানান, ছাত্রলীগ পরিচয়ে কয়েকজন এসে ইফতার আয়োজকদের বের করে দিয়ে রেস্তোরাঁয় তালা ঝুলিয়ে দেয়। সদর মডেল থানার ওসি মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।