পুলিশ সোর্সকে গুলি করে হত্যা

গাইবান্ধার সাদুল্লাপুরে শফিকুল ইসলাম বুদা (৫০) নামে এক কাপড় ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

শনিবার দিবাগত মধ্যরাতে উপজেলার ফরিদপুর ইউনিয়নের দড়িজামালপুর মাজেদ চেয়ারম্যানের বাজারে এ ঘটনা ঘটে।

নিহত শফিকুল গাজীরপুকুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে। তিনি আগে চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন বলে জানায় পুলিশ।

সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক বলেন, বাড়ি থেকে রাত সাড়ে ১২টার দিকে নিজের কাপড় দোকানের সামনে পৌঁছান শফিকুল ইসলাম। এসময় এক যুবক হেঁটে গিয়ে তাকে গুলি করে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

পরে আশপাশের লোকজন ছুটে গিয়ে শফিকুলকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রংপুরের মিঠাপুকুর উপজেলার জায়গীর এলাকায় তার মৃত্যু হয়। পরে তার মরদেহ থানায় নিয়ে আসা হয়।

আরশেদুল হক আরও বলেন, মরদেহের ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তিনি জানান, এ ঘটনায় মামলা দায়ের হবে। ঘটনার অনুসন্ধান করা হচ্ছে। তার নামে চুরি-ডাকাতিসহ একাধিক বিভিন্ন মামলা রয়েছে।