একটা বলও খেলা হয়নি। কার্ডিফে হয়েছে মেঘ আর বৃষ্টির খেলা। তাই ভেসে গেছে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ। ফলে মিশনের শুরুতে প্রস্তুতিতে বিঘ্ন ঘটল। আসল লড়াই শুরু হওয়ার আগে অবশ্য ভারতের বিপক্ষে একটা প্রস্তুতি ম্যাচ পাবে বাংলাদেশ। সেই
ম্যাচ ২৮ মে, মঙ্গলবার। ক্রিকেট অনেক দিন ধরেই সারা বছরের খেলা। কিন্তু একটা সময় ছিল যখন ইংল্যান্ডে ক্রিকেট শুরু হতো মধ্য এপ্রিল থেকে। চলত সেপ্টেম্বর পর্যন্ত। লম্বা দিন, ঝলমলে রদ্দুর আর কখনো মেঘÑ এ নিয়েই ছিল ইংল্যান্ডের সামার গেম। এবারের বিশ্বকাপ সেই স্মৃতি মনে করিয়ে দিতে শুরু করেছে। প্রথম দুদিনের প্রস্তুতিতে বৃষ্টি হানা দেয়নি। গতকাল কিন্তু দুটি ম্যাচই বৃষ্টিবিঘিœত। কার্ডিফে একটা বলও খেলা হয়নি। ব্রিস্টলে দক্ষিণ আফ্রিকা আর উইন্ডিজের ম্যাচ ১২.৪ ওভার খেলে হয়েছে। টস জিতে উইন্ডিজ ফিল্ডিং নিয়েছিল। দক্ষিণ আফ্রিকা ব্যাটিং করতে নেমে ৯.৩ ওভারে বিনা উইকেটে ৬০ রান করে। এরপর ব্রিস্টলে বৃষ্টি নামে। মাঝে মধ্যে তা থেমেছে। কিন্তু খেলা শুরু হতে পারেনি। যখন শুরু হয় তখন প্রায় সাড়ে তিন ঘণ্টা পেরিয়ে গেছে। প্রথমে জানা গিয়েছিল ম্যাচ হবে ৩১ ওভারের। যা হোক, আবার খেলতে নামেন হাশিম আমলা এবং কুইন্টন ডি কক। সংক্ষিপ্ত ওভারের ম্যাচ হওয়ায় তারা চালিয়ে খেলতে শুরু করেন। কিন্তু তিন ওভার পরই আবার ঝেঁপে বৃষ্টি নামে। ফলে খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। ম্যাচে দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার অনুশীলনের সুযোগ পেয়েছেন। ৫১ রান তুলে অপরাজিত ছিলেন হাশিম আমলা। অন্যপ্রান্তে ৩৭ রান নিয়ে ব্যাট করছিলেন ডি কক। পাঁচ ক্যারিবিয়ান বোলার বল করলেও সাফল্যের মুখ দেখেননি।
ব্রিস্টলে তবু অল্প হলেও ক্রিকেট দেখেছে দর্শকরা। কার্ডিফ কিন্তু পুরোপুরি হতাশ করেছে। এমন বৃষ্টি যে মাঠে নামার সম্ভাবনাই তৈরি হয়নি। সকাল থেকেই নাকি মুখ ভার ছিল কার্ডিফের। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি মাথায় নিয়ে তবু মাঠে এসেছিলেন কিছু দর্শক। ক্রিকেটাররা ঘোরাফেরা করছিলেন ড্রেসিংরুমে। রেইনকোর্ট আর ছাতা মাথায় উৎসাহী ধারাভাষ্যকার জানাচ্ছিলেন সর্বশেষ পরিস্থিতি। বাংলাদেশ সময় রাত ৮টা ম্যাচ শুরুর কথা ছিল। পরিস্থিতি বিবেচনায় সময় পিছিয়ে ৯.১৭ মিনিট করা হয়। তবু বৃষ্টি থামেনি। তাই ম্যাচও পরিত্যক্ত। ম্যাচ না হওয়াতে বাংলাদেশেরই বেশি ক্ষতি হলো। কার্ডিফ তাদের পয়া মাঠ। এ মাঠেই ২০০৫ সালে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়েছিল টাইগাররা। এবারও পাকিস্তানকে হারানোর প্রত্যয় নিয়ে খেলতে এসেছিলেন মাশরাফীরা। কিন্তু বেরসিক বৃষ্টি বাধা হয়ে দাঁড়াল।