দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনিজনিত ক্ষতিগ্রস্তদের নিয়ে গড়ে ওঠা সংগঠন জীবন ও সম্পদ রক্ষা কমিটি ছয় দফা দাবি পূরণের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ করেছে। সংগঠনটি গতকাল রবিবার সকাল ১১টায় বড়পুকুরিয়া দীঘিরপাড় এলাকায় এ বিক্ষোভ সমাবেশ করে। ওই এলাকার ঝুঁকিপূর্ণ বৈদ্যনাথপুর, বাঁশপুকুর ও চৌহাটি গ্রামবাসীর ক্ষতিগ্রস্তদের নিয়ে এ বিক্ষোভ হয়। সমাবেশে বক্তারা আগামী ১০ জুনের মধ্যে তাদের ছয় দফা দাবি মেনে নেওয়ার আল্টিমেটাম দেন। অন্যথায় ১০ জুন অনুষ্ঠিতব্য সমাবেশ থেকে আন্দোলনের কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
আলহাজ কালাম উদ্দীনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক ইব্রাহিম খলিল, উপদেষ্টা সুলতান মাহমুদ মুকুল, সহসভাপতি আলহাজ রুহুল আমিন ম-ল, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া ও সহসাংগঠনিক সম্পাদক আজাদ কবির সুমন।
বক্তারা কয়লা খনি সংলগ্ন বাঁশপুকুর, বৈদ্যনাথপুর ও চৌহাটির ঝুঁকিপূর্ণ ঘরবাড়ী, রাস্তাঘাট, ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি পূরণে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে ক্ষতিপূরণ প্রদানে সমস্যা সৃষ্টি হওয়ায় বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান ও খনি ব্যবস্থাপক (জরিপ ও খনি পরিকল্পনা) মো. মোশাররফ হোসেন সরকারের অপসারণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ফজলুর রহমানের কাছে জানতে চাইলে বলেন, যেসব এলাকা অ্যাকোয়ারের জন্য এর আগে সীমানা নির্ধারণ করা হয়েছিল, সংশ্লিষ্ট সবাইকে ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে। অনুমোদন পেলে এসব জমির মালিককেও ক্ষতিপূরণ প্রদান করা হবে।